Sunday 31 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের খাবারে ভিন্নতা আনতে রাঁধুন ‘ওয়ান পট ককটেল বিরিয়ানি’

লাইফস্টাইল ডেস্ক
৩১ মে ২০২৬ ১৭:০২

আজকাল রান্নাবান্নায় ঝক্কি কমাতে ‘ওয়ান পট ডিশ’ বা এক পাত্রের রান্নার জনপ্রিয়তা আকাশছোঁয়া। আর উৎসবের দিনে যদি একই পাতে মেলে গরু, মুরগি আর কোফতার যুগলবন্দী, তবে তো কথাই নেই! এবারের ঈদের আড্ডায় অতিথিদের চমকে দিতে তৈরি করতে পারেন একদম ভিন্নধর্মী ও শাহী স্বাদের ‘ককটেল বিরিয়ানি’।

রেসিপিটি নিচে ধাপে ধাপে দেওয়া হলো…

প্রয়োজনীয় উপকরণ

এই রাজকীয় পদটি তৈরি করতে আপনার রান্নাঘরে যা যা লাগবে…

মাংস ও কোফতার জন্য:

গরুর মাংস: ৫০০ গ্রাম
মুরগির মাংস: ১ কেজি
মাংসের কিমা (কোফতার জন্য): ২ কাপ
ডিম: ৩টি (সেদ্ধ) + ১টি (কোফতার মিশ্রণে দেওয়ার জন্য)
পেঁয়াজ কুচি: আধা কাপ
পেঁয়াজ বেরেস্তা: ১ কাপ
আদা ও রসুন বাটা: ৩ টেবিল চামচ করে
মরিচ, ধনে ও জিরা গুঁড়ো: ১ টেবিল চামচ করে
কাজু ও কাঠবাদাম বাটা: ২ টেবিল চামচ
জায়ফল-জয়ত্রী বাটা: ১ চা-চামচ
টক দই ও লিকুইড দুধ: ১ কাপ করে

বিজ্ঞাপন

চাল ও সুগন্ধি মসলা:

বাসমতি চাল: ৫০০ গ্রাম (আধ ঘণ্টা ভিজিয়ে রাখা)
আস্ত গরম মসলা: এলাচ ৬-৭টি, তেজপাতা ৩-৪টি, দারুচিনি ২ টুকরো, লবঙ্গ ৬টি, কালো গোলমরিচ ২ চা-চামচ, কালো এলাচ ১টি, স্টার অ্যানিস ১টি
ঘি ও তেল: একসঙ্গে মেশানো ১ কাপ
কেঁওড়া জল ও ফুড কালার (হলুদ ও সবুজ): সামান্য
আলু: ৪টি (লম্বাটে করে কাটা)
লবণ ও কাঁচামরিচ: স্বাদ ও পছন্দমতো

প্রস্তুত প্রণালী

ধাপ ১: মাংস ম্যারিনেশন ও রান্না

১. প্রথমে ভালো করে ধুয়ে নেওয়া গরু ও মুরগির মাংসের টুকরোগুলোকে একটি বড় পাত্রে নিন। এতে টক দই, আদা-রসুন বাটা, বাদাম বাটা, দুধ, সব ধরনের গুঁড়ো ও বাটা মসলা, আস্ত গরম মসলা এবং লবণ দিয়ে ভালো করে মেখে ১ ঘণ্টা রেখে দিন।

২. এবার রান্নার পাত্রে তেল ও ঘির মিশ্রণ গরম করে ম্যারিনেট করা মুরগির টুকরোগুলো হালকা সোনালী করে ভেজে তুলে রাখুন।

৩. ওই একই তেলে এবার গরুর মাংস দিয়ে দিন। প্রথমে কড়া আঁচে ১৫ মিনিট এবং পরে ঢাকনা দিয়ে ধিমে আঁচে ১ ঘণ্টা রান্না করুন। এ সময় অর্ধেক কাপ বেরেস্তা মাংসে মিশিয়ে দিন।

৪. গরুর মাংস নরম হয়ে এলে তাতে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস ও বাকি বেরেস্তা দিয়ে দিন। কিছুক্ষণ কষিয়ে রান্না করার পর মুরগির টুকরোগুলো আলতো করে অন্য পাত্রে তুলে রাখুন।

ধাপ ২: কোফতা, আলু ও চাল তৈরি

১. মাংস রান্নার ফাঁকে কিমার সাথে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, ১টি ডিম, সামান্য ব্রেডক্রাম্ব, গরম মসলা ও লবণ দিয়ে ছোট ছোট বল বা কোফতা বানিয়ে তেলে ভেজে নিন।
২. কেটে রাখা আলুগুলোতে হলুদ ও সবুজ ফুড কালার মাখিয়ে ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিন। আলাদা করে ডিম সেদ্ধ করে রাখুন।

৩. অন্য একটি পাত্রে পর্যাপ্ত জল ফুটিয়ে তাতে তেজপাতা, দারুচিনি, লবণ ও সামান্য হলুদ ফুড কালার দিয়ে বাসমতি চাল ৯০% সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে নিন।

ধাপ ৩: দমে বসানো (লেয়ারিং)

১. এবার পাত্রে থাকা মাখামাখা গরুর মাংসের ওপর সেদ্ধ চালের অর্ধেকটা সুন্দর করে বিছিয়ে দিন।

২. এর ওপর তুলে রাখা মুরগির মাংসের টুকরোগুলো সাজিয়ে বাকি অর্ধেক চাল দিয়ে ঢেকে দিন।

৩. ওপর থেকে ঘি এবং কেঁওড়া জল ছিটিয়ে দিন। সবশেষে আকর্ষণীয় দেখানোর জন্য ওপরে ভাজা কোফতা, রঙিন আলু ভাজা ও সেদ্ধ ডিম সাজিয়ে দিন।

৪. পাত্রের মুখ ভালোভাবে বন্ধ করে ১০ থেকে ১৫ মিনিট হালকা আঁচে দমে রাখুন।

শেষ হলে আলতো হাতে ওপর-নিচ মিশিয়ে গরম গরম পরিবেশন করুন রাজকীয় স্বাদের ককটেল বিরিয়ানি!

সারাবাংলা/এনএল/এএসজি