কোরবানির ঈদকে ঘিরে মাংসের নানা পদের পাশাপাশি কলিজা ভুনা তো কম-বেশি সবার ঘরেই হয়। তবে এবার চিরাচরিত ভুনা বাদ দিয়ে কোরবানির তাজা কলিজা দিয়ে তৈরি করতে পারেন জিভে জল আনা কাঠি কাবাব। খুব কম সময়ে এবং সহজ উপায়ে তৈরি এই কাবাব ঈদের আড্ডায় সবার প্রশংসা কুড়াবে।
ঝটপট এই কাবাব তৈরির সহজ রেসিপিটি নিচে দেওয়া হলো…
প্রয়োজনীয় উপকরণ
গরুর কলিজা: ৫০০ গ্রাম (চারকোণা কিউব করে কাটা)
পেঁয়াজ বাটা: ২ টেবিল চামচ
আদা বাটা: ১ টেবিল চামচ
রসুন বাটা: ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া: ১ চা চামচ
ধনে গুঁড়া: ১ চা চামচ
ভাজা জিরা গুঁড়া: ১ চা চামচ
হলুদ গুঁড়া: আধা চা চামচ
গরম মসলা গুঁড়া: আধা চা চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ
সরিষার তেল: ৩ টেবিল চামচ (মাখানো ও ভাজার জন্য)
কাবাব কাঠি বা শিক: প্রয়োজন অনুযায়ী
লবণ: স্বাদ অনুযায়ী
প্রস্তুত প্রণালী
কলিজা প্রস্তুতকরণ: প্রথমে কিউব করে কাটা কলিজা ভালো করে ধুয়ে নিন। এরপর ফুটন্ত গরম পানিতে ৫ মিনিট হালকা ভাপ দিয়ে পানি ছেঁকে ফেলুন। কলিজার ওপরের পাতলা চামড়া বা প্রলেপটি টেনে তুলে ফেলে দিন (এতে কলিজা নরম হয়) এবং আরেকবার পরিষ্কার পানিতে ধুয়ে নিন।
ম্যারিনেশন: একটি বড় পাত্রে পরিষ্কার করা কলিজার টুকরোগুলো নিন। এবার ভাজা জিরা গুঁড়া ও লেবুর রসসহ বাকি সব মসলা, লবণ এবং সামান্য সরিষার তেল দিয়ে কলিজা খুব ভালো করে মেখে নিন। মসলা যেন ভেতরে ঢোকে, সেজন্য মিশ্রণটি অন্তত এক ঘণ্টা ঢেকে রেখে দিন।
কাঠিতে গাঁথা: কাবাব তৈরির আগে কাঠের কাঠিগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন (যাতে ভাজার সময় পুড়ে না যায়)। এবার ম্যারিনেট করা কলিজার টুকরোগুলো একটি একটি করে কাঠিতে গেঁথে নিন।
কাবাব ভাজা: ফ্রাইপ্যান বা তাওয়ায় সামান্য সরিষার তেল গরম করুন। চুলার আঁচ মাঝারি থেকে অল্পতে রেখে কাঠিগুলো প্যানে দিন। কিছুক্ষণ পর পর কাঠিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সব পাশ সমানভাবে পোড়া পোড়া করে ভেজে নিন।
সব দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নিন। ওপরে সামান্য লেবুর রস ও চাট মসলা ছিটিয়ে সালাদ এবং পছন্দের সসের সাথে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু কলিজার কাঠি কাবাব।