Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

এই বৃস্টি, এই রোদ – এমন আবহাওয়ায় ঘরকে সুরভিত ও সতেজ রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক
১১ মে ২০২৬ ১৯:২৭

বৃষ্টির সোঁদা গন্ধ যেমন মনে প্রশান্তি আনে, আবার ভ্যাপসা গরম আর স্যাঁতসেঁতে আবহাওয়ায় ঘরের কোণে জমা হওয়া গুমোট গন্ধটা তেমনই অস্বস্তিকর। বাইরের রোদ আর বৃষ্টির এই লুকোচুরিতে ঘরকে সুরভিত ও সতেজ রাখতে প্রয়োজন কিছু বাড়তি যত্নের।

ভিনেগারের জাদুকরী ছোঁয়া

রান্নাঘর বা ডাইনিং রুমের আঁশটে গন্ধ দূর করতে এক বাটি ভিনেগার সারা রাত রেখে দিন। ভিনেগার বাতাসের দুর্গন্ধ শুষে নিতে সক্ষম। এই স্যাঁতসেঁতে দিনে ঘর মোছার পানির সাথে সামান্য ভিনেগার মিশিয়ে নিলে মেঝেতে কোনো চটচটে ভাব বা কটু গন্ধ থাকবে না।

বেকিং সোডার ব্যবহার

কার্পেট, সোফা বা আসবাবের ভ্যাপসা গন্ধ দূর করতে বেকিং সোডা ছিটিয়ে রাখুন। কিছুক্ষণ পর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিন। ফ্রিজে ছোট এক বাটি বেকিং সোডা রাখলে খাবারের মিশ্র গন্ধও দূর হবে সহজেই। এটি অ্যাসিডিক দুর্গন্ধকে নিষ্ক্রিয় করে পরিবেশকে সতেজ রাখে।

বিজ্ঞাপন

ওয়াটার ডিফিউজার ও এসেনশিয়াল অয়েল

বৃষ্টির দিনে মন ভালো রাখতে এবং ঘরের গুমোট ভাব কাটাতে এসেনশিয়াল অয়েল ব্যবহার করুন। ল্যাভেন্ডার বা লেমনগ্রাসের সুবাস ডিফিউজারের মাধ্যমে ছড়িয়ে দিন। এতে ঘরের পরিবেশ হবে প্রশান্তিদায়ক এবং ঘুমের জন্যও এটি দারুণ কাজ করে।

সুগন্ধি ঘর পরিষ্কারক

ঘর পরিষ্কারের সময় কড়া ঝাঁজালো ক্লিনার ব্যবহার না করে ফ্লোর ক্লিনার হিসেবে লেমনগ্রাস বা কমলার সুবাসযুক্ত ক্লিনার বেছে নিন। এতে একদিকে যেমন জীবাণু দূর হবে, অন্যদিকে সারা ঘরে মিষ্টি একটা সৌরভ সারাদিন টিকে থাকবে।

ওয়াল প্লাগ-ইন এয়ার ফ্রেশনার

এই বিরূপ আবহাওয়ায় দিনরাত ঘরকে সুগন্ধময় রাখতে ওয়াল প্লাগ-ইন ফ্রেশনার বেশ কার্যকর। বৈদ্যুতিক প্লাগের মাধ্যমে এটি নিয়মিত সুগন্ধ ছড়িয়ে দেয়, ফলে আলাদা করে স্প্রে করার ঝামেলা থাকে না। এটি মোমবাতির চেয়ে নিরাপদ এবং দীর্ঘস্থায়ী।

প্রাকৃতিক সুগন্ধি মিশ্রণ (পোটপুরি পদ্ধতি)

খুব বাজে গন্ধ দূর করতে চুলায় একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে দারুচিনি, কমলার খোসা ও লেবুর রস দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে জ্বাল দিন। এই ফুটন্ত মিশ্রণের ভাপ পুরো বাসার ভ্যাপসা গন্ধ নিমেষেই তাড়িয়ে দেবে।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর