Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালি পেটে রসুন কেন খাবেন?

লাইফস্টাইল ডেস্ক
২০ এপ্রিল ২০২৬ ১৫:৫৬

রান্নাঘরের অতি পরিচিত একটি উপাদান রসুন। তবে কেবল মশলা হিসেবে নয়, ভেষজ গুণাগুণের জন্য রসুনের খ্যাতি বিশ্বজুড়ে। বিশেষ করে সকালে খালি পেটে রসুন খাওয়ার অভ্যাস শরীরকে নানা রোগব্যাধি থেকে দূরে রাখতে পারে। রসুনে থাকা অ্যালিসিন, সেলেনিয়াম, ফোলেট এবং ভিটামিন বি-কমপ্লেক্স শরীরের অভ্যন্তরীণ কার্যক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়।

আসুন জেনে নেই খালি পেটে রসুন খাওয়ার নানান উপকারিতা…

হৃদরোগের ঝুঁকি কমায়

রক্তে জমে থাকা ক্ষতিকর কোলেস্টেরল (LDL) প্রায় ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে রসুন। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে।

বিজ্ঞাপন

তারুণ্য ধরে রাখতে সহায়ক

রসুনের শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের ‘ফ্রি রেডিক্যালস’ বা ক্ষতিকর কণা ধ্বংস করে। এর ফলে কোষের ক্ষয় রোধ হয় এবং চেহারায় বয়সের ছাপ দেরিতে পড়ে।

মস্তিষ্কের সুরক্ষায়

বার্ধক্যজনিত রোগ যেমন, অ্যালঝাইমার ও ডিমেনশিয়া (স্মৃতিশক্তি লোপ পাওয়া) প্রতিরোধে রসুন দারুণ কার্যকর। এর প্রাকৃতিক উপাদানগুলো মস্তিষ্কের স্নায়ুকে সচল রাখে।

সংক্রমণ ও ডায়াবেটিস প্রতিরোধ

লিভার এবং মূত্রাশয়কে পরিষ্কার রাখতে রসুনের জুড়ি নেই। এছাড়া নিয়মিত খালি পেটে রসুন খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী।

হাড়ের শক্তি বৃদ্ধি

নারীদের ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে হাড়ের ক্ষয় হওয়ার প্রবণতা দেখা দেয়। রসুনে থাকা বিশেষ উপাদান শরীরে ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য রক্ষা করে হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে।

শরীর ডিটক্স বা বিষমুক্তকরণ

শরীরের ভেতরে জমে থাকা ভারি ধাতু (যেমন- লেড) ও টক্সিন বের করে দিতে রসুন প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। এটি অ্যালার্জির সমস্যা কমাতেও সহায়ক।

মানসিক প্রশান্তি ও রোগ প্রতিরোধ

তীব্র মানসিক চাপ কমাতে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে রসুন ভূমিকা রাখে। এছাড়া ঠান্ডা, কাশি এবং ঋতু পরিবর্তনের জ্বরে এটি শরীরের প্রতিরোধ ব্যবস্থা মজবুত করে।

উজ্জ্বল ত্বক ও ব্রণ নিরাময়

রসুনের অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ ত্বকের ভেতর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। ফলে ব্রণের সমস্যা কমে এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে।

শারীরিক দুর্বলতা দূরীকরণ

যাঁরা দীর্ঘমেয়াদী দুর্বলতায় ভোগেন, তাঁদের জন্য সকালে খালি পেটে রসুন খাওয়া আশীর্বাদের মতো। এটি শরীরের শক্তি বাড়িয়ে কর্মোদ্যম ফিরিয়ে আনে।

হজমশক্তি ও রুচি বৃদ্ধি

পেটের গোলমাল বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় রসুন বেশ ফলদায়ক। এটি হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং প্রাকৃতিকভাবে ক্ষুধা বাড়াতে সাহায্য করে।

সতর্কবার্তা

সবকিছুরই একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেন, রসুনে থাকা ‘অ্যালিসিন’ অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে লিভারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই সুস্থ থাকতে প্রতিদিন সর্বোচ্চ ২ থেকে ৪ কোয়ার বেশি রসুন না খাওয়াই ভালো। যাদের এসিডিটির সমস্যা আছে, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটি শুরু করবেন।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর