Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাস, প্রকৃতি আর দ্বীপের অপার সৌন্দর্যের খোঁজে

তাহমিনা ইসলাম স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১৪:৫৪

ইতিহাস, প্রকৃতি আর রোমাঞ্চ সব মিলিয়ে মালয়েশিয়া ভ্রমণ হতে পারে এক অসাধারণ অভিজ্ঞতা। অনেকের কাছে কুয়ালালামপুরই যেন পুরো মালয়েশিয়া। উঁচু ভবন, ব্যস্ত শহর আর আধুনিকতার ঝলক। কিন্তু এই দেশ শুধু শহরের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর প্রতিটি কোণেই লুকিয়ে আছে ভিন্ন ভিন্ন সৌন্দর্য।

মালয়েশিয়ার আসল চমক লুকিয়ে আছে বোর্নিও দ্বীপে যা আয়তনে মূল ভূখণ্ডের থেকেও বড়। অথচ অনেক ভ্রমণপিপাসুই এই অঞ্চলটি এড়িয়ে যান। কিন্তু যারা একবার এখানে গেছেন তারা বলবেন মালয়েশিয়ার সবচেয়ে মনোমুগ্ধকর সৌন্দর্য এখানেই।

এই অঞ্চলে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম উঁচু পর্বত মাউন্ট কিনাবালু। যার উচ্চতা প্রায় ৪,০৯৫ মিটার। ট্রেকিং বা হাইকিংপ্রেমীদের জন্য এটি এক স্বপ্নের গন্তব্য। পাশাপাশি সেম্পোরনা অঞ্চলের স্বচ্ছ নীল পানি আর সাদা বালুর সৈকত আপনাকে মনে করিয়ে দেবে মালদ্বীপ বা ফিলিপাইনের কথা। এখানকার সমুদ্রের রং এতটাই সুন্দর যে একে জীবনের সেরা অভিজ্ঞতার সঙ্গে তুলনা করা যায়। চাইলে সাগরের মাঝখানে নির্মিত ওয়াটার ভিলায় রাত কাটানোর সুযোগও রয়েছে। তাও তুলনামূলক কম খরচে।

বিজ্ঞাপন

এদিকে মূল ভূখণ্ডের পূর্ব উপকূলে রয়েছে অপূর্ব কিছু দ্বীপ, যেমন পারহেন্টিয়ান দ্বীপ, রেডাং দ্বীপ এবং টিওমান দ্বীপ। শান্ত সমুদ্র, নরম বালু আর নিরিবিলি পরিবেশে ছুটি কাটানোর জন্য এগুলো আদর্শ জায়গা। আর পশ্চিম উপকূলে আছে জনপ্রিয় লাঙ্কাউই ও পেনাং যেখানে প্রকৃতি আর সংস্কৃতির দারুণ মেলবন্ধন দেখা যায়।

ইতিহাসপ্রেমীদের জন্যও মালয়েশিয়া কম নয়। জর্জ টাউন ও মালাক্কা এই দুটি শহর ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী স্থান। এখানে হাঁটলেই চোখে পড়বে ঔপনিবেশিক আমলের স্থাপত্য, প্রাচীন গির্জা, মসজিদ ও মন্দিরের অনন্য সহাবস্থান। রঙিন স্ট্রিট আর্ট আর ঐতিহাসিক ভবনগুলো যেন অতীতের গল্প বলে।

আর যদি ঠান্ডা আবহাওয়া আর সবুজ পাহাড় ভালোবাসেন। তাহলে ক্যামেরন হাইল্যান্ডস হতে পারে আপনার জন্য পারফেক্ট গন্তব্য। চা-বাগানের সবুজ ঢেউ আর মেঘে ঢাকা পাহাড় আপনাকে দেবে এক অনন্য প্রশান্তি। চাইলে এখানকার কোনো চা-বাগান ঘেরা হোটেলে এক রাত কাটাতে পারেন। ভোরে জানালা খুললেই চোখে পড়বে মেঘে মোড়া পাহাড় আর বাতাসে ভেসে আসবে চা-পাতার মিষ্টি সুবাস।

সব মিলিয়ে মালয়েশিয়া শুধু একটি আধুনিক দেশ নয় বরং এটি এক বৈচিত্র্যময় অভিজ্ঞতার ভাণ্ডার। পাহাড়, সমুদ্র, দ্বীপ, ইতিহাস আর সংস্কৃতির মিশেলে গড়ে ওঠা এই দেশ আপনাকে বারবার নতুনভাবে মুগ্ধ করবে। তাই ভ্রমণের পরিকল্পনা করলে শুধু কুয়ালালামপুরে সীমাবদ্ধ না থেকে ঘুরে দেখুন পুরো মালয়েশিয়া। প্রতিটি জায়গায় অপেক্ষা করছে নতুন গল্প আর নতুন বিস্ময়।

লেখক: স্টাফ করেসপন্ডেট, সারাবাংলা ডটনেট

সারাবাংলা/টিএম/এএসজি
বিজ্ঞাপন

আরো

তাহমিনা ইসলাম - আরো পড়ুন
সম্পর্কিত খবর