Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যস্ত জীবনে ঝটপট রান্না, রেসিপি শেয়ার করছেন কনটেন্ট ক্রিয়েটররা

লাইফস্টাইল ডেস্ক
১৬ মার্চ ২০২৬ ১৮:৩৭

যেকোনও উদ্যাপনের একটি অন্যতম প্রধান অংশ খাবার। পবিত্র মাহে রমজান মাস আর ঈদকে ঘিরেও ঘরে ঘরে দেখা যায় নানান খাবারের আয়োজন। তবে ইফতার-সেহরিতে প্রতিদিনের ব্যস্ততার মাঝে বিশেষভাবে খাবার তৈরি কঠিন হয়ে পড়ে। এর একটি সহজ সমাধান এনে দিয়েছে ফুড ভ্লাগারদের অনলাইন কনটেন্ট।

শর্ট-ফর্ম ভিডিওর কারণে এখন দ্রুত জেনে নেয়া যাচ্ছে সহজ রেসিপিগুলো। সোশ্যাল মিডিয়া আর অনলাইন প্ল্যাটফর্মের মতো টিকটকেও এখন মিলছে নানান খাবারের আইডিয়া। চলুন দেখে নেয়া যাক কনটেন্ট ক্রিয়েটররা কি ধরনের খাবার তুলে ধরছে যা বানানো যাবে কয়েক মিনিটেই।

মাহিমের ১০ মিনিটের সেহরি ও ইফতার

রমজানে সকাল এবং সন্ধ্যা কাটে সবচেয়ে ব্যস্ততায়। অফিসের পর কিংবা সারাদিন ঘরের কাজের পরে থাকে পরিবারের জন্য ইফতার প্রস্তুতি। কনটেন্ট ক্রিয়েটর মাহিম (@themahimmakes) নিয়ে এসেছে ১০ মিনিটে বানানো যায় এমন সেহরি ও ইফতারের খাবারের আইডিয়া। এর মধ্যে একটি হলো সেহরি বা ইফতারের জন্য পানীয়; ওটস, খেজুর, কাজুবাদাম, কাঠবাদাম, দুধ এবং বিভিন্ন ফল একসঙ্গে ব্লেন্ড করে তৈরি হয়ে যাবে এটি। ফলের তৈরি এই ধরনের পানীয় যেমন স্বাস্থ্যকর তেমনি বানানো যাবে দ্রুত সময়ে।

বিজ্ঞাপন

সাফওয়ানের তৈরি পুষ্টিকর স্যুপ

এই রমজানে কনটেন্ট ক্রিয়েটর সাফওয়ান (@Safwanskitchen) শেয়ার করেছেন স্বাস্থ্যকর খাবারের রেসিপির সিরিজ। এর মধ্যে একেবারে ভিন্ন ধাঁচের একটি রেসিপি হলো হলো ব্রকলি, গাজর এবং মুরগি দিয়ে বানানো স্যুপ। ভারী ইফতারের পর অনেকেই সেহেরিতে বেশি কিছু খেতে চান না, তাদের জন্য এটি একটি দারুণ খাবার। এ ছাড়া, পরিবারের শিশু ও বয়স্ক সদস্যদের জন্য এমন একটি খাবার ইফতারের সময়ও উপযুক্ত।

আব্রিসার সহজ আলু-বিফ চপ

কনটেন্ট ক্রিয়েটর আব্রিসা (@Abrisaabi) ইফতারের অনেক রেসিপি শেয়ার করছেন তার টিকটকে। এর মধ্যে একটি ভিডিওতে সে দেখিয়েছে খুব সহজে আলু-বিফ চপ বানানোর পদ্ধতি। ইফতার বানানোর সময় প্রায়ই অনেক খাবারের উপকরণ রয়ে যায়। সে ক্ষেত্রে যদি আগের দিনের গরুর মাংস থেকে যায়, সেটি দিয়েই বানিয়ে ফেলা যাবে এই বিফ চপ।

কেবল ৩-৪ টুকরা গরুর মাংস দিয়ে সেদ্ধ আলুর সঙ্গে মেখে নিন। এর সাথে কাটা পেঁয়াজ, গরম মশলা, ধনিয়া গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, ব্রেডক্রাম্বস এবং ডিম মেশান। আর স্বাদ বাড়াতে কিছুটা চিজও দিতে পারেন। এরপর মিশ্রণটি চপের আকারে বানিয়ে তেলে ভেজে নিন যতক্ষণ না সোনালি রঙ হয়। চাইলে পরের দিনের জন্য ভাজার আগে এগুলো ফ্রিজে রেখে দিতে পারেন।

সানজানার তৈরি তেল ছাড়া স্ন্যাকস

রমজানে কম-বেশি সব খাবারেই দেখা যায় তেলের ব্যবহার। কনটেন্ট ক্রিয়েটর সানজানা হাসান (@Sanjanahasan5) সেখানে নিয়ে এসেছে গার্লিক ব্রেড টোস্ট রেসিপি। প্রথমে মাখন, রসুন, আদা, মরিচের গুঁড়া এবং ধনিয়া পাতা দিয়ে একটি পেস্ট বানাতে হবে। এরপর এটি পাউরুটির ওপর মেখে, উপরে চিজ দিয়ে বেইক করুন ৭-৮ মিনিট। এভাবে খুব অল্প সময়ে ঘরের সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারেন ইফতারের একটি খাবার।

মারিয়ামের বানানো মিল্কশেক

কনটেন্ট ক্রিয়েটর মারিয়াম (@mariumsfoodchannel) ইফতারের জন্য তুলে ধরছেন নানান রেসিপ। এর মধ্যে একটি হলো ক্যাফে-স্টাইল মিল্কশেক; স্ট্রবেরি, কলা-খেজুর এবং পাইনঅ্যাপল-নারকেল দিয়ে তিনটি আলাদা পানীয়। এই শেকগুলোতে ফ্রোজেন ফল ব্যবহার করায় ক্রিমিও হয় বেশি। ফল দিয়ে তৈরি হওয়ায় এটি যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু। মারিয়ামের আরও একটি মজার রেসিপি হলো ক্রিসপি চিকেন স্ন্যাকস। চিকেন ও চিজ দিয়ে এটি কিভাবে দ্রুত বানাতে পারেন সেটি দেখে নিতে পারেন মারিয়ার টিকটকে।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর