Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাভ বোম্বিং: ভালোবাসার ছলে ভয়ংকর ফাঁদ!

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১৬:২১

শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন মীরা। কয়েকমাস আগে সামাজিক মাধ্যমে তার পরিচয় হয় আকাশের সাথে। পরিচয়ের প্রথম সপ্তাহ থেকেই আকাশ মীরাকে উপহার, সারাদিন মিষ্টি কথা আর প্রশংসায় ভাসিয়ে দিতে শুরু করে। আকাশ বলত, ‘মীরা, তুমি না থাকলে আমি মরে যাব, তুমিই আমার রাজকন্যা।’ মীরা ভাবল, ভাগ্যিস এমন একজন মানুষকে পেলাম যে আমাকে এত ভালোবাসে! কিন্তু মাসখানেক যেতেই দৃশ্যপট বদলে গেল। আকাশ এখন মীরার বন্ধুদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, এমনকি মীরা কী পোশাক পরবে তাও সে ঠিক করে দেয়। সামান্য অমিল হলেই আকাশ ভীষণ রেগে যায় আর বলে, ‘আমি তোমাকে এত ভালোবাসি, আর তুমি আমার কথা শুনছ না?’ মীরা এখন এক অদ্ভুত দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে আছে, যেখান থেকে বের হওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

মীরার জীবনের এই গল্পটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একেই মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘লাভ বোম্বিং’। চলুন সহজভাবে জেনে নিই এই বিষাক্ত ফাঁদ সম্পর্কে।

লাভ বোম্বিং আসলে কী?

সহজ কথায়, লাভ বোম্বিং হলো ভালোবাসার নামে কাউকে মানসিকভাবে কবজায় নেওয়ার একটি কৌশল। এখানে শিকারি ব্যক্তিটি শুরুতে আপনাকে এত বেশি মনোযোগ আর ভালোবাসা দেবে যে আপনার মনে হবে আপনি সাত আসমানে আছেন। কিন্তু তার আসল উদ্দেশ্য ভালোবাসা নয়, বরং আপনাকে তার ওপর পুরোপুরি নির্ভরশীল করে ফেলা। যখন আপনি তাকে ছাড়া আর কিছু ভাবতে পারবেন না, তখনই সে তার আসল রূপ দেখাতে শুরু করবে।

চেনার উপায়: যখন অতিরিক্ত ভালো কিছু বিপদের সংকেত

সব ভালোই কিন্তু আসল ভালো নয়। লাভ বোম্বিং চেনার কিছু সহজ উপায় আছে…

খুব দ্রুত ঘনিষ্ঠ হওয়া: পরিচয়ের দু-তিন দিনের মধ্যেই যদি কেউ আপনাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখায় বা বলে যে আপনিই তার জীবনের সব, তবে সাবধান হোন। সত্যিকারের সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে।

প্রশংসার বন্যা: সে আপনাকে সারাক্ষণ এমনভাবে তেল দেবে বা প্রশংসা করবে যা মাঝেমধ্যে অবাস্তব মনে হতে পারে।

সারাক্ষণ চোখে চোখে রাখা: আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন—সবকিছু সে জানতে চাইবে। শুরুতে একে ‘যত্ন’ মনে হলেও আসলে এটি এক ধরনের নজরদারি।

আপনার জগত ছোট করে দেওয়া: সে চাইবে আপনি যেন আপনার পরিবার বা বন্ধুদের সাথে সময় না কাটিয়ে শুধু তাকেই সময় দেন।

জোয়ারের পর ভাটার টান: যখন শুরু হয় অবহেলা

লাভ বোম্বিংয়ের সবচেয়ে ভয়ংকর দিক হলো এর হঠাৎ পরিবর্তন। যখন সেই মানুষটি নিশ্চিত হয় যে আপনি তাকে ছাড়া চলতে পারবেন না, তখন সে হঠাৎ করেই পাল্টে যায়। আগে যে সারাদিন ফোন করত, সে এখন আপনার ফোনই ধরে না। ছোটখাটো বিষয়ে আপনাকে দোষারোপ করে আর আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়। আপনি তখন সেই পুরনো ‘ভালো মানুষটিকে’ ফিরে পাওয়ার জন্য তার সব অন্যায় আবদার মেনে নিতে শুরু করেন। এভাবেই আপনি তার হাতের পুতুলে পরিণত হন।

সুস্থ ভালোবাসা বনাম লাভ বোম্বিং

মনে রাখবেন, সুস্থ ভালোবাসা কখনো আপনাকে বন্দী করবে না। প্রকৃত ভালোবাসা আপনাকে স্বাধীনতা দেবে, আপনার বন্ধুদের সম্মান করবে এবং আপনার ব্যক্তিগত মতামতের গুরুত্ব দেবে। সুস্থ সম্পর্কে কোনো তাড়াহুড়ো থাকে না, সেখানে একে অপরকে জানার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়। কিন্তু লাভ বোম্বিং হলো একটি ঝড়ের মতো, যা আপনাকে উড়িয়ে নিয়ে গিয়ে একসময় আছাড় দিয়ে ফেলে দেবে।

নিজেকে বাঁচাবেন কীভাবে?

যদি মনে হয় আপনার সাথে এমন কিছু ঘটছে, তবে শুরুতেই সচেতন হোন। কারো অতি-প্রশংসায় বা উপহারে অন্ধ হয়ে যাবেন না। নিজের মনকে প্রশ্ন করুন— এই মানুষটি কি সত্যিই আপনাকে চেনে, নাকি সে শুধু তার স্বার্থসিদ্ধির জন্য আপনাকে ব্যবহার করছে? সম্পর্কে নিজের জন্য কিছু সীমারেখা টেনে দিন। যদি কেউ আপনার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করে, তবে শুরুতেই তাকে ‘না’ বলতে শিখুন।

জীবনটা আপনার, তাই আবেগের বশে এমন কাউকে নিজের জীবনের নিয়ন্ত্রণ দেবেন না যারা ভালোবাসার নাম করে আপনার মানসিক শান্তি কেড়ে নেয়। সচেতন থাকাই হলো এই মরণফাঁদ থেকে বাঁচার প্রধান উপায়।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

কাবা শরিফ: কেন এত পবিত্র?
১ মার্চ ২০২৬ ১৮:২৭

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর