ব্যক্তিগত চ্যাটিং থেকে শুরু করে অফিশিয়াল কাজ, সব কিছুতেই বর্তমানে সবার বেশ জনপ্রিয় মেটার জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তা এবং চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আধুনিক করতে অ্যাপটিতে যুক্ত হচ্ছে নিত্যনতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও প্রাইভেসি টুল।
তবে প্রতিনিয়ত ব্যবহারের পরেও এই অ্যাপের এমন কিছু চমৎকার ইন্টারনাল সেটিংস বা ফিচার রয়েছে, যা এখনও সাধারণ ব্যবহারকারীদের চোখের আড়ালেই রয়ে গেছে। এই গোপন ট্রিকসগুলো জানা থাকলে আপনার প্রতিদিনের যোগাযোগের ধরণটাই বদলে যাবে।
আসুন জেনে নেই, হোয়াটসঅ্যাপে লুকিয়ে থাকা ৭ ম্যাজিক ট্রিকস…
১. সিক্রেট কোডে চ্যাট লক
ফোনে চ্যাট লক করার সুবিধা তো অনেকেই জানেন, কিন্তু লক করা চ্যাটটিকেও যদি লুকিয়ে রাখতে চান? এর জন্য চ্যাটটি লক করার পর ‘হাইড লকড চ্যাটস’ অপশনটি চালু করুন এবং একটি গোপন কোড সেট করুন। এরপর থেকে সেই সিক্রেট কোডটি হোয়াটসঅ্যাপের সার্চ বারে না লিখলে লক করা চ্যাটটি প্রোফাইলে দেখাই যাবে না।
২. নম্বর ছাড়াই যোগাযোগের উপায় (ইউজারনেম)
নিরাপত্তা আরও এক ধাপ বাড়াতে মেটা নিয়ে আসছে ইউজারনেম ফিচার। এটি পুরোপুরি চালু হলে কাউকে নিজের ফোন নম্বর না জানিয়েই শুধু ইউজারনেমের মাধ্যমে যোগাযোগ করা যাবে। বর্তমানে ফিচারটি বিশ্বজুড়ে বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে চালুর প্রক্রিয়াধীন রয়েছে।
৩. ভয়েস মেসেজ না শুনেই পড়ার ট্রিকস
জনাকীর্ণ স্থান বা মিটিংয়ে থাকার সময় অনেক সময়ই ভয়েস মেসেজ প্লে করে শোনা সম্ভব হয় না। এই ঝামেলার সমাধানে এসেছে ‘ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন’। এটি চালু থাকলে যেকোনো ভয়েস মেসেজ স্বয়ংক্রিয়ভাবে টেক্সটে বা লেখায় রূপান্তর হয়ে যাবে। সুবিধাটি চালু করতে Settings > Chats > Voice Message Transcripts অপশনে যান।
৪. চ্যাট লিস্ট দিয়ে গোছানো প্রোফাইল
অজস্র মেসেজের ভিড়ে দরকারি চ্যাটগুলো হারিয়ে যাওয়া খুব স্বাভাবিক। এই সমস্যার সমাধানে রয়েছে চ্যাট লিস্ট ফিচার। যেকোনো চ্যাটের ওপর ট্যাপ করে ধরে রেখে Add to List অপশন থেকে অফিস, পরিবার বা বন্ধুদের আলাদা ক্যাটাগরি তৈরি করে নিতে পারেন। এতে প্রয়োজনে চ্যাটগুলো এক ক্লিকেই খুঁজে পাওয়া যাবে।
৫. চ্যাটের ভেতরেই চ্যাটজিপিটি-র মতো এআই
হোয়াটসঅ্যাপের ভেতরেই এখন যুক্ত রয়েছে ‘মেটা এআই’। এর জন্য আলাদা কোনো অ্যাপে যাওয়ার প্রয়োজন নেই। চ্যাট উইন্ডো থেকেই সরাসরি মেটা এআই-এর কাছ থেকে যেকোনো তথ্য জানা, অনুবাদ করা, মেইল বা ক্যাপশন লেখা, এমনকি নতুন আইডিয়া তৈরি করার মতো কাজগুলো নিমেষেই করিয়ে নেওয়া যায়।
৬. নম্বর সেভ না করেই চ্যাট শুরু করার গোপন লিঙ্ক
ফোনে কন্টাক্ট নম্বর সেভ না করেও যেকোনো ব্রাউজার ব্যবহার করে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো সম্ভব। এজন্য ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করুন: wa.me/দেশের কোডসহ মোবাইল নম্বর (যেমন বাংলাদেশের জন্য: wa.me/8801XXXXXXXXX)। এন্টার চাপলেই সরাসরি ওই নম্বরের চ্যাট বক্স খুলে যাবে।
৭. ক্লাউড ব্যাকআপের ডাবল প্রোটেকশন
হোয়াটসঅ্যাপের সাধারণ চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হলেও গুগল ড্রাইভ বা আইক্লাউডে রাখা ব্যাকআপ কিন্তু পুরোপুরি সুরক্ষিত নাও থাকতে পারে। ক্লাউড ব্যাকআপে বাড়তি নিরাপত্তা যোগ করতে Settings > Chats > Chat Backup > End-to-end Encrypted Backup অপশনে গিয়ে একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করে রাখুন। এতে আপনার ব্যাকআপ ফাইল হ্যাক হওয়ার ঝুঁকি থাকবে না।
করণীয়
হোয়াটসঅ্যাপের এই হিডেন সেটিংসগুলো আপনার পাঠানো বা সংরক্ষিত সংবেদনশীল তথ্যের নিরাপত্তা যেমন বাড়বে, ঠিক তেমনি প্রতিনিয়ত ফাইল শেয়ারিং, ভয়েস মেসেজিং কিংবা প্রফেশনাল টেক্সট আদান-প্রদানের পুরো প্রক্রিয়াটি হয়ে উঠবে আগের চেয়ে অনেক বেশি মসৃণ ও স্মার্ট।