ডিজিটাল দুনিয়ায় শুধু চমৎকার কনটেন্ট তৈরি করাই শেষ কথা নয়, সেটি সঠিক সময়ে সঠিক মানুষের কাছে পৌঁছানোও সমান জরুরি। বিশেষজ্ঞদের মতে, আগামী এক দশকে কনটেন্ট ক্রিয়েশন এতটাই জনপ্রিয় হবে যে, প্রতি তিনজন মানুষের মধ্যে একজন এই পেশায় যুক্ত হতে পারেন। তাই তীব্র প্রতিযোগিতার এই বাজারে বেশি ভিউ ও রিচ পাওয়ার জন্য পোস্ট করার সঠিক সময় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আসুন জেনে নেই, কখন পোস্ট করলে ভিউ বাড়ে…
প্রধান ৪টি সোশ্যাল মিডিয়ার ‘বেস্ট টাইমিং’
বিভিন্ন বৈশ্বিক গবেষণা (যেমন: স্প্রাউট সোশ্যাল ও রাডার) অনুযায়ী, সপ্তাহের মাঝামাঝি দিনগুলো অর্থাৎ মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার পোস্ট করার জন্য সবচেয়ে ভালো। প্ল্যাটফর্ম ভেদে সেরা সময়গুলো নিচে দেওয়া হলো…
ফেসবুক: বুধবার থেকে শুক্রবারের মধ্যে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পোস্ট করলে তুলনামূলক ভালো রিচ পাওয়া যায়। বিশেষ করে মধ্যসকালে ব্যবহারকারীদের সক্রিয়তা বেশি থাকে।
ইনস্টাগ্রাম: মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা এবং শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত। তবে রিলস ও স্টোরিজ প্রকাশের জন্য সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার সময়টিও বেশ কার্যকর।
টিকটক: মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা। এছাড়া বিনোদনমূলক কনটেন্টের জন্য সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যেও ভিডিও প্রকাশ করলে ভালো ফল পাওয়া যায়।
লিংকডইন: মঙ্গলবার ও বুধবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সময় সবচেয়ে উপযোগী। কর্মদিবসের শুরুতে অনেক পেশাজীবী এই প্ল্যাটফর্মে বেশি সক্রিয় থাকেন।
বাংলাদেশের প্রেক্ষাপট: দেশের স্থানীয় দর্শকদের টার্গেট করলে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়কে ‘প্রাইম টাইম’ ধরা হয়। এই সময়ে অফিস বা পড়াশোনা শেষে অধিকাংশ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সময় কাটান।
অ্যালগরিদম কীভাবে কাজ করে?
পোস্ট করার পর প্রথম কয়েক মিনিটে কত দ্রুত লাইক, কমেন্ট ও শেয়ার আসছে, অ্যালগরিদম সেটি মেপে দেখে। একে বলা হয় ‘এনগেজমেন্ট ভেলোসিটি’। ফলোয়াররা যখন অনলাইনে বেশি সক্রিয় থাকে, তখন পোস্ট করলে শুরুতেই ভালো রেসপন্স পাওয়া যায়। ফলে অ্যালগরিদম পোস্টটিকে আরও বেশি মানুষের নিউজফিডে ছড়িয়ে দেয়।
নিজের অ্যাকাউন্টের জন্য সেরা সময় খোঁজার উপায়
গবেষণার তথ্যগুলো সাধারণ একটি ধারণা দেয়, তবে সবার আইডির দর্শক এক নয়। আপনার জন্য সেরা সময় নির্ধারণ করতে এই কৌশলগুলো খাটান…
অ্যানালাইটিক্স বা ইনসাইটস দেখা: আপনার পেজ বা প্রোফাইলের ‘Insights’ অপশনে গিয়ে দেখুন আপনার ফলোয়াররা সপ্তাহের কোন দিন এবং ঠিক কোন সময়ে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকেন।
শিডিউলিং টুলের ব্যবহার: আন্তর্জাতিক দর্শকদের টার্গেট করলে ভিন্ন টাইমজোনের কারণে ‘Hootsuite’-এর মতো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল ব্যবহার করে পোস্ট শিডিউল করে রাখতে পারেন।
শুধু সঠিক সময়ে পোস্ট করলেই কি ভাইরাল হওয়া যায়?
উত্তরণ হলো, না। শুধু সময় মেনে পোস্ট করলেই ভিউ বন্যা বয়ে যাবে না। বর্তমান অ্যালগরিদম কেবল লাইক গোনে না, বরং ওয়াচ টাইম (কতক্ষণ ভিডিও দেখছে) এবং অর্থবহ কমেন্টকে গুরুত্ব দেয়। বেশি ভিউ পেতে সময়ের পাশাপাশি নিচের কনটেন্টগুলোর দিকে নজর দিন…
সংক্ষিপ্ত ও দ্রুত দৃষ্টি আকর্ষণকারী ছোট ভিডিও।
বাস্তব অভিজ্ঞতা ও গল্পভিত্তিক (Storytelling) উপস্থাপনা।
তথ্যসমৃদ্ধ বা ‘কীভাবে করবেন’ (How-to) টাইপ পোস্ট।
চলমান ট্রেন্ড ও সমসাময়িক বিষয়ের কনটেন্ট।
উল্লেখ্য, সঠিক সময় আপনাকে প্রাথমিক পুশ বা রিচ দেবে, কিন্তু কনটেন্টের মান এবং ধারাবাহিকতাই আপনাকে দীর্ঘমেয়াদে সফল করবে।