Friday 12 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শখের বাইকের রঙ চকচকে রাখার সহজ উপায়

সারাবাংলা ডেস্ক
১২ জুন ২০২৬ ১৪:৫৬

একজন রাইটারের কাছে তার মোটরসাইকেলটি কেবলই যান্ত্রিক কোনো বাহন নয়, বরং এটি এক অন্যরকম আবেগ এবং ব্যক্তিত্বের প্রকাশ। আমরা অনেকেই বাইকের ইঞ্জিনের খেয়াল রাখি, সময়মতো ইঞ্জিন অয়েল বদলাই কিংবা চেইন লুব করি। কিন্তু আফসোসের বিষয় হলো, বাইকের বাহ্যিক রূপ অর্থাৎ ‘পেইন্ট বা রঙের’ সুরক্ষায় আমরা অনেকেই বেশ উদাসীন। অথচ আপনার বাইকটি রাস্তায় চলার সময় কতটা নজরকাড়া দেখাবে এবং ভবিষ্যতে সেটির রিসেল ভ্যালু কেমন হবে, তার সিংহভাগই নির্ভর করে এর রঙের উজ্জ্বলতার ওপর। সামান্য অসচেতনতায় শখের বাইকটি যেন অল্পদিনেই মলিন না হয়ে যায়। সেজন্য আসুন জেনে নেই, বাইকের রঙ উজ্জ্বল রাখার দারুণ কিছু উপায়…

বিজ্ঞাপন

ময়লা ও কাদা জমতে দেবেন না

রাস্তার ধুলাবালি, কাদা কিংবা ধোঁয়া বাইকের বডিতে লেপ্টে থাকলে ধীরে ধীরে রঙের আসল গ্লেজ নষ্ট হয়ে যায়। তাই সপ্তাহে অন্তত একবার বাইকটি ভালোভাবে ধুয়ে নিন। তবে ভুলেও কাপড় কাচার কড়া ডিটারজেন্ট বা সাবান ব্যবহার করবেন না; এতে রঙ জ্বলে যায়। বাইক ধোয়ার জন্য সবসময় মাইল্ড শ্যাম্পু বা ওয়াশ লিকুইড বেছে নিন এবং মোছার জন্য নরম মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন।

কড়া রোদ থেকে দূরে রাখুন

বাইক ধকধকে রোদে ফেলে রাখলে সূর্যের অতিবেগুনি রশ্মির (UV Rays) কারণে কালচে বা ফ্যাকাসে হয়ে যায়। তাই পার্কিংয়ের সময় গাছের ছায়া, শেড বা গ্যারেজ বেছে নিন। বাধ্য হয়ে খোলা জায়গায় রাখতে হলে মানসম্মত একটি বাইক কাভার সাথে রাখুন।

মাসে একবার ওয়াক্সিং বা পলিশিং

বাইকের বডি চকচকে রাখতে অটোমোবাইল ওয়াক্স বা পলিশ দারুণ কাজ করে। এটি রঙের ওপর একটি অদৃশ্য সুরক্ষাকবচ তৈরি করে, যা রোদ ও স্ক্র্যাচ থেকে বাইককে বাঁচায়। তবে অতিরিক্ত পলিশ করলে আবার উল্টো ক্ষতি হতে পারে, তাই মাসে একবার করাই যথেষ্ট।

তেল রিফিল করার সময় সাবধানতা

তেল পাম্পে ফুয়েল নেওয়ার সময় অনেক সময় অসাবধানতাবশত ট্যাংকির ওপর তেল ছিটকে পড়ে। পেট্রোল বা অকটেন বাইকের রঙের চরম শত্রু। তাই তেল পড়ার সাথে সাথেই শুকনো ও নরম কাপড় দিয়ে জায়গাটি দ্রুত মুছে ফেলুন।

বৃষ্টির পানি দ্রুত পরিষ্কার করুন

আজকাল বৃষ্টির পানিতে নানা রকম রাসায়নিক বা অ্যাসিডের উপাদান থাকে। বৃষ্টিতে ভেজার পর বাইক ওভাবেই ফেলে রাখলে বডিতে স্থায়ী ছোপ ছোপ দাগ পড়ে যায়। তাই বৃষ্টিতে ভিজলে দেরি না করে সাধারণ পরিষ্কার পানি দিয়ে বাইকটি ধুয়ে মুছে শুকিয়ে ফেলুন।

স্ক্র্যাচ বা আঁচড় অবহেলা করবেন না

ছোটখাটো আঁচড় বা স্ক্র্যাচকে অবহেলা করলে সেখান দিয়ে পানি ও বাতাস ঢুকে ভেতরের মেটালে মরিচা (Rust) ধরে যেতে পারে। ফলে আশেপাশের রঙ চটা শুরু করে। তাই বডিতে কোনো দাগ লাগলে দ্রুত টাচআপ পেইন্ট বা স্ক্র্যাচ রিমুভার দিয়ে তা সারিয়ে নিন।

ভালো মানের কাভার ও শুষ্ক গ্যারেজ

বাইক ঢেকে রাখার জন্য সস্তা প্লাস্টিকের কাভার ব্যবহার করবেন না, এতে ভেতরে আর্দ্রতা জমে রঙের ক্ষতি হয়। সবসময় ওয়াটারপ্রুফ এবং লিনেন লাইনিংযুক্ত ভালো কাভার ব্যবহার করুন। পাশাপাশি গ্যারেজ যেন স্যাঁতসেঁতে না হয়, সেদিকেও খেয়াল রাখুন।

দিনশেষে আপনার বাইকটি কতটা চকচকে থাকবে, তা নির্ভর করছে আপনার নিয়মিত অভ্যাসের ওপর। ঢাকা শহরের স্বনামধন্য কাস্টমাইজেশন ও সার্ভিসিং সেন্টারের এক্সপার্টদের মতে, নিয়মিত সঠিক ওয়াশ এবং মাসে মাত্র একবার ওয়াক্সিং করলে একটি বাইকের অরিজিনাল রঙ অনায়াসে ৪ থেকে ৫ বছর অবিকল নতুনের মতো গ্লো দেবে।