অচেনা গন্তব্য বা নতুন শহরে সঠিক পথ খুঁজে পেতে গুগল ম্যাপের বিকল্প নেই। কিন্তু সমস্যা বাঁধে তখন, যখন স্মার্টফোনে পর্যাপ্ত ডাটা থাকে না কিংবা নেটওয়ার্ক সিগন্যাল খুব দুর্বল থাকে। বিশেষ করে পাহাড়ি এলাকা বা বিদেশ ভ্রমণের সময় এই সমস্যা বেশি প্রকট হয়। আপনার এই দুশ্চিন্তা দূর করতে গুগল ম্যাপে রয়েছে ‘অফলাইন ম্যাপ’ ফিচার।
অফলাইন ম্যাপ কী এবং কেন প্রয়োজন?
অফলাইন ম্যাপ হলো একটি নির্দিষ্ট এলাকার মানচিত্র আগে থেকে ফোনে সেভ করে রাখা। এতে সুবিধা হলো:
ডাটা সাশ্রয়: বারবার ম্যাপ লোড করার প্রয়োজন হয় না।
নেটওয়ার্কহীনতা: যেখানে ইন্টারনেট নেই, সেখানেও জিপিএস ব্যবহার করে পথ দেখা যায়।
রোমিং চার্জ থেকে মুক্তি: বিদেশে গেলে চড়া দামে ইন্টারনেট না কিনেও ম্যাপ চালানো যায়।
ধাপে ধাপে অফলাইন ম্যাপ ডাউনলোডের পদ্ধতি
আপনার গন্তব্যে যাওয়ার আগেই নিচের সহজ পদক্ষেপগুলো অনুসরণ করে মানচিত্র ডাউনলোড করে নিন…
অ্যাপ ওপেন করুন: স্মার্টফোনে গুগল ম্যাপ অ্যাপটি চালু করুন।
প্রোফাইল আইকনে যান: স্ক্রিনের ওপরের ডান কোণে থাকা আপনার প্রোফাইল বা নামের আদ্যক্ষর সংবলিত আইকনে ক্লিক করুন।
অফলাইন ম্যাপ নির্বাচন: মেনু থেকে ‘Offline maps’ অপশনটি বেছে নিন।
এলাকা নির্বাচন: এবার ‘Select your own map’-এ ক্লিক করে যে এলাকার ম্যাপ ডাউনলোড করতে চান, সেটি ড্র্যাগ করে ফ্রেমের ভেতরে আনুন। (ফ্রেম বড় বা ছোট করে এলাকার পরিধি নির্ধারণ করা যায়)।
ডাউনলোড: নিচের ‘Download’ বাটনে ক্লিক করুন।
ব্যাস! এখন থেকে ওই নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট ছাড়াই আপনি ম্যাপ ব্যবহার করতে পারবেন।
কিছু জরুরি সীমাবদ্ধতা ও সতর্কতা
অফলাইন ম্যাপ দারুণ কার্যকর হলেও এর কিছু সীমাবদ্ধতা মাথায় রাখা জরুরি:
লাইভ ট্রাফিক আপডেট: রাস্তায় জ্যাম আছে কি না, তা অফলাইনে জানা যাবে না।
বিকল্প রুট: ম্যাপে কেবল প্রধান রুটগুলো কাজ করবে; দ্রুততম কোনো বিকল্প পথ অফলাইনে স্বয়ংক্রিয়াভাবে দেখাবে না।
গণপরিবহন: বাস, ট্রেন বা উবার-পাঠাওয়ের মতো কোনো রাইড শেয়ারিং তথ্য অফলাইনে পাওয়া সম্ভব নয়।
আপডেট: সাধারণত অফলাইন ম্যাপগুলো এক বছর পর এক্সপায়ার হয়ে যায়। তাই সময়মতো ম্যাপ আপডেট করে নেওয়া জরুরি।