অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ের জগতে ইউটিউব এখন আমাদের নিত্যসঙ্গী। বিনোদন থেকে শুরু করে পড়াশোনা সবখানেই ইউটিউবের জয়জয়কার। তবে আমরা অনেকেই এই প্ল্যাটফর্মের সব ফিচার সম্পর্কে জানি না। ইউটিউবে এমন কিছু কার্যকর কৌশল বা শর্টকাট রয়েছে, যা আপনার সময় বাঁচাবে এবং ভিডিও দেখার অভিজ্ঞতাকে করবে আরও আনন্দদায়ক।
ইউটিউব ব্যবহারের সেরা ১০টি গোপন কৌশল নিচে তুলে ধরা হলো…
* ভিডিওর ভেতর নির্দিষ্ট শব্দ খুঁজুন (Transcript Search)
বড় কোনো ভিডিওর নির্দিষ্ট একটি অংশ খুঁজছেন? ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ‘Show Transcript’ অপশনটি চালু করুন। এবার কিবোর্ডে Ctrl+F (ম্যাকে Cmd+F) চেপে আপনার কাঙ্ক্ষিত শব্দটি লিখুন। ট্রান্সক্রিপ্টে শব্দটি যেখানে আছে, সেখানে ক্লিক করলেই ভিডিওর সেই অংশটি চালু হয়ে যাবে।
* ঘুমিয়ে পড়লে ভিডিও থামাবে ‘স্লিপ টাইমার’
রাতে ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস অনেকেরই আছে। এখন ইউটিউবের সেটিংসেই পাবেন ‘Sleep Timer’। এখান থেকে ১০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত সময় সেট করে রাখা যায়, ফলে নির্দিষ্ট সময় পর ভিডিও নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।
* ভিডিওর নির্দিষ্ট সেকেন্ডের লিংক শেয়ার
পুরো ভিডিও নয়, বরং ভিডিওর বিশেষ কোনো অংশ বন্ধুকে পাঠাতে চান? পিসি থেকে ভিডিওর ওপর রাইট-ক্লিক করে ‘Copy video URL at current time’ সিলেক্ট করুন। এতে আপনার বন্ধু লিংকে ক্লিক করলে ঠিক ওই সেকেন্ড থেকেই ভিডিওটি দেখতে পাবেন।
* দ্রুত ১০ সেকেন্ড সামনে-পেছনে যাওয়া
মোবাইল অ্যাপে ভিডিওর ডান বা বাম দিকে ‘ডাবল ট্যাপ’ করলে ১০ সেকেন্ড সামনে বা পেছনে যাওয়া যায়। তবে কম্পিউটারে কিবোর্ডের J এবং L কি (Key) চেপে খুব সহজে ১০ সেকেন্ড করে ভিডিও নিয়ন্ত্রণ করা সম্ভব। আর K চাপলে ভিডিও পজ (Pause) হবে।
* ফ্রেম বাই ফ্রেম দেখার ম্যাজিক
ভিডিওর কোনো ছোট লেখা বা বিশেষ মুহূর্ত নিখুঁতভাবে দেখতে চান? ভিডিও পজ করে কিবোর্ডের, (কমা) বা . (ডট) বাটন চাপুন। এতে ভিডিওটি এক ফ্রেম করে সামনে বা পেছনে যাবে।
* লং-প্রেসে ভিডিওর গতি দ্বিগুণ
মোবাইলে ভিডিও দেখার সময় স্ক্রিনের ওপর আঙুল দিয়ে চেপে ধরে (Long Press) রাখলে ভিডিওটি সাময়িকভাবে ২ গুণ (2x) গতিতে চলবে। আঙুল সরিয়ে নিলেই আবার স্বাভাবিক গতিতে ফিরে আসবে। এটি দ্রুত কোনো অংশ দেখার জন্য দারুণ কার্যকর।
* ডিফল্ট ভিডিও কোয়ালিটি সেট করা
ডেটা বাঁচাতে বা সবসময় এইচডি (HD) ভিডিও দেখতে চাইলে অ্যাপের Settings > Video Quality Preference-এ যান। এখানে মোবাইল ডেটা এবং ওয়াই-ফাইয়ের জন্য আলাদাভাবে ভিডিও রেজল্যুশন (যেমন: Data Saver বা Higher Picture Quality) আগেভাগেই সেট করে রাখা যায়।
* ইনকগনিটো মোডে ব্রাউজিং
আপনি কী দেখছেন তা ইউটিউব যেন মনে না রাখে, সেজন্য ব্যবহার করতে পারেন ‘Incognito Mode’। অ্যাপের ‘You’ ট্যাবে গিয়ে এটি চালু করলে আপনার দেখা ভিডিওগুলো ‘ওয়াচ হিস্ট্রি’তে জমা হবে না এবং হোম পেজে অদ্ভুত সব সাজেশন আসবে না।
* সাজেশন বদলাতে হিস্ট্রি ডিলিট
অনেক সময় ভুলবশত কোনো ভিডিওতে ক্লিক করলে সেই ধাঁচের ভিডিও দিয়ে হোম পেজ ভরে যায়। এটি ঠিক করতে ওয়াচ হিস্ট্রিতে গিয়ে ওই নির্দিষ্ট ভিডিওর পাশের থ্রি-ডট মেনু থেকে ‘Remove from watch history’ করে দিন। দেখবেন আপনার সাজেশন দ্রুত বদলে গেছে।
* কিবোর্ড শর্টকাট (ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য)
মাউস ছাড়াই ইউটিউব চালানোর কিছু সুপার ফাস্ট শর্টকাট…
উপরের/নিচের অ্যারো: ভলিউম ৫% করে বাড়ানো আর কমানো
* Shift+>: গতি বাড়ানো
* Shift+<: গতি কমানো
* M: মিউট
* F: ফুলস্ক্রিন
* T: থিয়েটার মোড
* Shift+N: পরের ভিডিও
* Shift+P: আগের ভিডিও
* Ctrl/Cmd + বাম/ডান অ্যারো: ভিডিওর পরবর্তী বা আগের চ্যাপ্টারে যাওয়া