Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইফতার কেন রোজাদারের সবচেয়ে আনন্দের মুহূর্ত

সানজিদা যুথী সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ২০:৪১ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ২০:৪৩

রোজাদারের জন্য দিনের সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো ইফতার। সারাদিন সংযম ও ধৈর্যের সঙ্গে রোজা রাখার পর সূর্যাস্তের সেই মুহূর্তটি যেন এক অনন্য প্রশান্তি নিয়ে আসে। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার পর যখন আজানের ধ্বনি ভেসে আসে, তখন রোজাদারের হৃদয়ে সৃষ্টি হয় এক গভীর তৃপ্তি ও কৃতজ্ঞতার অনুভূতি।

ইসলামে এই মুহূর্তকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘রোজাদারের জন্য দুটি আনন্দঘন মুহূর্ত রয়েছে—একটি হলো ইফতারের সময় এবং অন্যটি হলো কেয়ামতের দিন তার প্রভুর সঙ্গে সাক্ষাতের সময়।’ (তিরমিজি: ৭৬৬, সহিহ বুখারি: ৭৪৯২, মুসলিম: ১১৫১)

বিজ্ঞাপন

ইফতারের সময়কে দোয়া কবুলের বিশেষ সময় হিসেবেও গণ্য করা হয়। হাদিসে উল্লেখ আছে, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন না। তাই ইফতারের ঠিক আগের সময়টায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, দোয়া ও ইবাদতের গুরুত্ব অনেক বেশি।

ইসলামে ইফতার দেরি না করে দ্রুত করারও নির্দেশনা রয়েছে। সাহল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ যতদিন দ্রুত ইফতার করবে, ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে।’ (সহিহ বুখারি: ১৯৫৭)

মহানবী (সা.)-এর ইফতার ছিল অত্যন্ত সাধারণ ও সাদামাটা। তার দস্তরখানে জাঁকজমকপূর্ণ আয়োজন থাকত না। বরং তিনি সহজ ও পুষ্টিকর খাবার দিয়ে ইফতার করতেন।

হজরত আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) মাগরিবের নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না থাকত, তবে শুকনো খেজুর দিয়ে; আর তাও না থাকলে কয়েক ঢোক পানি পান করে ইফতার করতেন।

আরেক হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ রোজা রাখলে সে যেন খেজুর দিয়ে ইফতার করে। যদি খেজুর না পায়, তবে পানি দিয়ে ইফতার করুক; কারণ পানি পবিত্র।’ (তিরমিজি)

তৎকালীন আরব সমাজে প্রচলিত সাধারণ খাবারও ইফতারে খাওয়া হতো। একবার সফরের সময় সূর্যাস্ত হলে রাসুল (সা.) সাহাবিদের ছাতু ও পানি মিশিয়ে ইফতার করার নির্দেশ দেন।

এসব বর্ণনা থেকে স্পষ্ট বোঝা যায়, ইফতারের আসল সৌন্দর্য বড় আয়োজন বা বাহুল্যে নয়। বরং অল্প খাবার, কৃতজ্ঞতা, সংযম এবং আল্লাহর প্রতি গভীর শুকরিয়া প্রকাশের মধ্যেই রয়েছে ইফতারের প্রকৃত বরকত ও আনন্দ।

বিজ্ঞাপন

আরো

সানজিদা যুথী - আরো পড়ুন
সম্পর্কিত খবর