যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত ‘স্পাই ইউনিভার্স’র নতুন সিনেমা ‘আলফা’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। অ্যাকশনধর্মী এই ছবিতে প্রথমবারের মতো কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। আগামী ৩ জুলাই ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি। মুক্তির আগেই ছবিটির গল্প ও কাস্টিং নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি সামনে এসেছে অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়ে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, ‘আলফা’ ছবির জন্য ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন আলিয়া ভাট। এই বিশাল অঙ্কের মাধ্যমে তিনি পারিশ্রমিকের দৌড়ে দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে অনায়াসে ছাড়িয়ে গেছেন। একসময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় শীর্ষে ছিলেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া। তবে দীর্ঘদিন ধরেই প্রিয়াঙ্কা হলিউডের কাজ নিয়ে ব্যস্ত থাকায় বলিউডে অনিয়মিত। অন্যদিকে ক্যাটরিনা কাইফও বেশ কিছু সময় ধরে বড় পর্দায় আগের মতো নেই, তিনি প্রতি ছবির জন্য নিতেন প্রায় ১৫ কোটি রুপি। আর ‘কল্কি ২৮৯৮ এডি’খ্যাত দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ছিল ২০ কোটির কিছু বেশি। ফলে ২৫ কোটি রুপি নিয়ে আলিয়া এখন বলিউডের সবচেয়ে দামি অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান পাকা করলেন।
শুধু আলিয়া নন, ‘আলফা’র বাকি তারকাদের পারিশ্রমিকের অঙ্কও বেশ চড়া। ছবিটিতে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। ‘অ্যানিম্যাল’ ছবির আকাশছোঁয়া সাফল্যের পর তার ক্যারিয়ারে যে নতুন গতি এসেছে, তা প্রমাণ করে এই ছবির জন্য নেওয়া তার প্রায় ৬ কোটি রুপি পারিশ্রমিক। অন্যদিকে যশরাজ ফিল্মসের হাত ধরেই বলিউডে অভিষেক হওয়া সম্ভাবনাময় অভিনেত্রী শর্বরী ওয়াঘ এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন প্রায় ৩ কোটি রুপি। একই পরিমাণ অর্থাৎ ৩ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুরও। এছাড়া ‘স্পাই ইউনিভার্স’-এর জনপ্রিয় চরিত্র কবির হিসেবে বিশেষ উপস্থিতিতে বা ক্যামিও রোলে দেখা যাবে হৃতিক রোশনকে, তবে তার পারিশ্রমিকের অঙ্কটি গোপন রাখা হয়েছে।
অ্যাকশনধর্মী চরিত্রে আলিয়া ভাটকে কাস্ট করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মতে, এমন মারকুটে ও শক্তিশালী স্পাই চরিত্রে আলিয়াকে মানাবে না। তবে সব সমালোচনা উড়িয়ে দিয়ে নির্মাতারা ছবিটি নিয়ে শতভাগ আশাবাদী এবং এটি যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’র অন্যতম বড় সংযোজন হিসেবে বক্স অফিস কাঁপাতে প্রস্তুত।