Friday 12 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে শাকিরা ঝড়

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ জুন ২০২৬ ১৯:৪২

মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে আবারও নিজের একক আধিপত্য প্রমাণ করলেন কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা। নাইজেরিয়ান র‍্যাপার বার্না বয়ের সঙ্গে জুটি বেঁধে এই আসরের অফিশিয়াল গান ‘দাই দাই’ পরিবেশন করে পুরো স্টেডিয়ামে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছেন তিনি।

একটি স্বচ্ছ হলুদ পোশাকে মঞ্চে এসে নিজের চিরচেনা কোমর দোলানো, নিখুঁত নাচের মুদ্রা আর চেইনের মতো চুল ঘোরানোর চমত্কার জাদুতে বিশ্বজুড়ে লাখো ভক্তকে বুঁদ করে রেখেছেন এই লাতিন তারকা। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হতে না হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই পারফরম্যান্সের ভিডিও কোটি কোটি ভিউ কুড়িয়ে ট্রেন্ডিংয়ের শীর্ষে চলে এসেছে।

বিজ্ঞাপন

বিশ্বখ্যাত সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) মন্তব্য করেছে যে শাকিরার এই অনবদ্য পরিবেশনা বছরের পর বছর ধরে চলা বিশ্বকাপের অফিশিয়াল গানের mediocrity বা অরিজিনালিটির অভাব দূর করে টুর্নামেন্টকে বাঁচিয়ে দিল। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা শাকিরাকে মেক্সিকোর মঞ্চে বিশ্বকে চমকে দেওয়া এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে আখ্যায়িত করেছে। ফুটবল ভক্তদের মতে, একমাত্র শাকিরার কণ্ঠই বিশ্বকাপের আসল উন্মাদনা ও চেতনাকে ফুটিয়ে তুলতে পারে এবং দীর্ঘ বছর পরেও তার কণ্ঠ বা রূপের আবেদন বিন্দুমাত্র কমেনি।

ফুটবলের বৈশ্বিক মহাযজ্ঞে শাকিরার কণ্ঠ দেওয়া এবারই প্রথম নয়, এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে তিনি বিশ্বজুড়ে এক অভূতপূর্ব সাড়া ফেলেছিলেন, যার মিউজিক ভিডিও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রায় ৪৫০ কোটি ভিউ ছাড়িয়েছে। এরপর ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের জন্য তার গাওয়া ‘লা লা লা’ গানটিও ১৩০ কোটির বেশি ভিউ পেয়ে ইতিহাস গড়ে। উদ্বোধনী অনুষ্ঠানের এই অবিশ্বাস্য সাফল্যের পর ফুটবল ভক্তদের জন্য আরও বড় চমক অপেক্ষা করছে, কারণ আগামী ১৯ জুলাই এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচের প্রথমার্ধের বিরতিতে পপ ডিভা ম্যাডোনা এবং বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএস-এর সঙ্গে সরাসরি পারফর্ম করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রায় ৫০ বছর বয়সেও মঞ্চে এমন অবিরাম ও দুর্দান্ত শক্তি ধরে রাখতে শাকিরা ডায়েট নিয়ে কড়া নিয়ম মেনে চলেন।

বড় বড় শো-এর প্রস্তুতির অংশ হিসেবে তিনি তার খাদ্যতালিকা থেকে চিনি ও দুগ্ধজাত খাবার পুরোপুরি বাদ দেন এবং সারাদিনের প্রয়োজনীয় শক্তি বজায় রাখতে পুষ্টিকর ও ছোট ছোট অংশে খাবার গ্রহণ করেন। এর পাশাপাশি প্রতিদিনের কঠোর নৃত্য অনুশীলন এবং ত্বকের যত্নে মেকআপের ব্যবহার সীমিত রাখাই তার এই চিরযৌবনা রূপ ও কোমর দোলানোর অবিশ্বাস্য ম্যাজিকের মূল রহস্য। শাকিরার সাম্প্রতিক দ্বাদশ অ্যালবাম ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ গত ২০২৪ সালের মার্চে মুক্তি পাওয়ার পর স্পটিফাইতে ৩৭০ কোটির বেশি স্ট্রিম নিয়ে ব্লকবাস্টার হিট হয় এবং একই বছরের শেষের দিকে মুক্তি পাওয়া ‘সলতেরা’ গানটিও বিশ্বব্যাপী স্পটিফাই টপ ৫০-এর তালিকায় ঝড় তোলে।

সারাবাংলা/এফএন/এএসজি