Friday 12 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোবিজেও এখন ফুটবল দাপট

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ জুন ২০২৬ ১৬:০৪

ফুটবল মানেই উত্তাপ, উত্তেজনা আর প্রাণের স্পন্দন। এই উত্তেজনায় শুধু আমজনতা নয়, রীতিমতো কাবু ঢাকাই শোবিজের তারকারাও। কে কোন দলের সমর্থক আর কেন সেই দলের প্রেমে পড়েছেন, তা নিয়ে যেন তারকারাও একে অপরের সঙ্গে মেতে উঠেছেন তর্কে-বিতর্কে। মাঠের ফুটবলের পাশাপাশি শোবিজের এই তারকাদের ফুটবল প্রেম বিশ্বকাপ আয়োজনকে আরও রঙিন করে তুলেছে।

আর্জেন্টিনা যাদের রক্তে মিশে আছে

নীল-সাদা শিবিরের অন্ধ ভক্তদের সংখ্যা তারকা মহলে আকাশচুম্বী। অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী এবং চিত্রনায়িকা মাহিয়া মাহি থেকে শুরু করে রাফিয়াত রশিদ মিথিলা, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, পরীমণি, পূজা চেরি, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, জায়েদ খান, মোনালিসা ও তানজিকা আমিন সবাই আর্জেন্টিনার জয়গানে মুখর।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার প্রতি নিজেদের ভালোবাসা ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা জানান, ম্যারাডোনার দেশ হওয়ার কারণে শুরুর দিন থেকেই তার হৃদয়ে আর্জেন্টিনা। কোনো বিশেষ কারণ ছাড়াই তিনি এই দলটির খেলার শৈলীর অনুরাগী। অন্যদিকে, মনিরা মিঠু জানান ম্যারাডোনার সময় থেকেই তিনি আর্জেন্টিনার একনিষ্ঠ ভক্ত এবং দল হারুক বা জিতুক, তার সমর্থন সব সময় এই দলটির সঙ্গেই থাকে। চিত্রনায়িকা মেহজাবীন থেকে শুরু করে মোনালিসা সবাই তাদের প্রিয় দলের শিরোপা জয়ের আশায় দিন গুনছেন।

সেলেসাওদের সাম্বা ছন্দে বুঁদ যারা

ব্রাজিলের নান্দনিক ফুটবলের ভক্ত হিসেবে শোবিজে দাপিয়ে বেড়াচ্ছেন আফসানা মিমি, মোশাররফ করিম, জয়া আহসান, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, অপু বিশ্বাস, শবনম বুবলী, বিদ্যা সিনহা মিম, তাসনিয়া ফারিণ, আইশা খান, লামিমা লাম, মিশা সওদাগর, আসিফ আকবর এবং ওমর সানী।

এই তালিকার অন্যতম বড় নাম বরেণ্য অভিনেতা আবুল হায়াত। তিনি নিজেকে ব্রাজিলের খেলার পোকা হিসেবেই পরিচয় দিতে পছন্দ করেন। তার ভাষ্যমতে, বুঝতে শেখার পর থেকেই তিনি ব্রাজিলের সমর্থক এবং দলটির খেলার প্রতি তার আবেগ অকৃত্রিম। অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ছোটবেলা থেকেই ব্রাজিলের সাপোর্টার, তবে তিনি মেসির ব্যক্তিগত খেলারও ভক্ত। নাজিফা তুষি জানালেন, তার মূল সমর্থন ব্রাজিলের দিকে থাকলেও মেসির প্রতি আলাদা ভালো লাগার কারণে আর্জেন্টিনার খেলাও তিনি দারুণ উপভোগ করেন। আর মিশা সওদাগর ব্রাজিলের সাম্বার ছন্দের মুগ্ধতায় বিভোর হয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন।

স্রোতের বিপরীতে যারা নিজস্ব ছন্দ খুঁজে পেয়েছেন

সবাই যখন ব্রাজিল আর আর্জেন্টিনার দ্বৈরথে ব্যস্ত, তখন কেউ কেউ খুঁজে নিয়েছেন অন্য ঠিকানায়। অভিনেতা আজিজুল হাকিম জার্মানির সমর্থক। তিনি জানান, ফুটবলের যে ছন্দ ও নান্দনিকতা, তা তিনি জার্মানির খেলার মধ্যেই খুঁজে পান। দীর্ঘদিন নিজে ফুটবল খেলার অভিজ্ঞতায় তিনি এই দলটির খেলার ভক্ত হয়ে আছেন। অন্যদিকে, চিত্রনায়ক সিয়াম আহমেদ স্পেনের ফুটবলের অনুরাগী। তার মতে, স্প্যানিশ ফুটবলের পাসিং ও নিয়ন্ত্রিত আক্রমণ যে নান্দনিকতা তৈরি করে, তা তাকে ভীষণ টানে। তিনি শুরু থেকেই স্পেনের সমর্থক এবং কখনোই এই সমর্থন থেকে সরে আসেননি।

সারাবাংলা/এফএন/এএসজি