Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাস্তায় প্রকাশ্যে হেনস্তার শিকার হলেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২ জুন ২০২৬ ১৬:১৩

সাভারের একটি স্থানীয় বাজারে মায়ের সঙ্গে সবজি কেনার সময় প্রকাশ্য রাস্তায় শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই ক্ষোভ ও তিক্ত অভিজ্ঞতার কথা ভক্তদের জানিয়েছেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, রাস্তায় মায়ের সঙ্গে দাঁড়িয়ে বাজার করার সময় মাথায় টুপি পরা ও দাড়িওয়ালা আনুমানিক ৪২ থেকে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি তাকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে নায়লা নাঈমকে প্রশ্ন করে যে তার মাথায় কেন পর্দা নেই এবং তিনি কেন এভাবে বাজারে বেপর্দা ঘোরাফেরা করছেন। এই আকস্মিক হামলায় নায়লা নাঈমের হাত থেকে বাজারের ব্যাগ পড়ে যায় এবং তিনি তার বাম হাতে প্রচণ্ড ব্যথা পান।

বিজ্ঞাপন

ঘটনার আকস্মিকতা ও ভয়াবহতা বুঝে ওঠার আগেই পরিস্থিতি বেগতিক দেখে নায়লার মা তাকে টেনে নিয়ে দ্রুত একটি অটোতে করে ওখান থেকে সরিয়ে নিয়ে যান। নায়লা নাঈম তার পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, তার মা তাকে শুধু বলেছেন যে গায়ে যদি কাপড় নিয়ে বাড়ি ফিরতে চাও, তবে একটা টু শব্দও করবে না। এই ঘটনার পর তার মা এখনও ভয়ে কাঁপছেন বলে তিনি উল্লেখ করেন।

নিজেকে একজন সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি দাবি করে এবং নিজের শালীন পোশাকের বিষয়টি উল্লেখ করে নায়লা নাঈম ক্ষুব্ধ কণ্ঠে প্রশ্ন তোলেন, এটি একটি স্বাধীন রাষ্ট্র কি না এবং তিনি এর উত্তর চান। তার এই পোস্টে মন্তব্য করে অনেক ভক্ত ও সাধারণ মানুষ গভীর ক্ষোভ প্রকাশ করেছেন, যেখানে কেউ কেউ আক্রমণকারীর ছবি তুলে রাখার পরামর্শ দিয়েছেন এবং অনেকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর