Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবশেষে গাঁটছড়া বাঁধলেন দুয়া লিপা ও ক্যালাম টার্নার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১ জুন ২০২৬ ১৬:৪২

বিশ্বসংগীতের জনপ্রিয় পপ তারকা দুয়া লিপা ও ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই আলোচিত তারকা জুটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার লন্ডনের ঐতিহাসিক ওল্ড ম্যারিলিবোন টাউন হলে সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ছিমছাম এই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। বিয়ের পর নবদম্পতিকে একসঙ্গে অনুষ্ঠানস্থল থেকে বের হতে দেখা যায়। খানিকটা গোপনীয়তার আবেশ থাকলেও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর চোখ এড়ানো যায়নি। তাদের প্রকাশিত ছবিতে দুয়া লিপাকে ফরাসি ফ্যাশন হাউস স্কিয়াপারেল্লির নকশা করা সাদা বিয়ের পোশাক ও টুপিতে দেখা গেছে। অন্যদিকে ক্যালাম টার্নার পরেছিলেন গাঢ় নীল রঙের স্যুট।

বিজ্ঞাপন

খবরে বলা হয়েছে, ঘরোয়া বিয়ের পর আগামী সপ্তাহে ইতালির সিসিলিতে তিন দিনব্যাপী একটি জাঁকজমকপূর্ণ উদযাপনের আয়োজন করতে পারেন এই তারকা দম্পতি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি দুয়া বা ক্যালামের প্রতিনিধিরা। ২০২৪ সালের জানুয়ারিতে দুয়া লিপা ও ক্যালাম টার্নারের প্রেমের সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আসে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেলেও নিজেদের সম্পর্ক নিয়ে খুব বেশি কথা বলেননি তারা। গত বছর এক সাক্ষাৎকারে দুয়া লিপা ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের। অবশেষে সেই পরিকল্পনাই বাস্তবে রূপ নিল।

কসোভো-আলবেনীয় বংশোদ্ভূত দুয়া লিপা ‘বি দ্য ওয়ান’, ‘নিউ রুলস’, ‘লেভিটেটিং’সহ একাধিক জনপ্রিয় গানের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। বর্তমানে তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকা। অন্যদিকে ক্যালাম টার্নার ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ চলচ্চিত্র সিরিজে থেসিয়াস স্ক্যামান্ডার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। পাশাপাশি ভবিষ্যতের জেমস বন্ড চরিত্রে সম্ভাব্য অভিনেতাদের তালিকাতেও তার নাম আলোচনায় রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর