রহস্যজনকভাবে মৃত্যু হল ওপার বাংলার ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত পরিচালক অনীক দত্তের। বুধবার (২৭ মে) দুপুরে তিনি তার হিন্দুস্থান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে যান বলে জানা যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই তার মৃত্যু সংবাদ পাওয়া যায়। মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল ৬৫ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, খ্যাতনামা এই পরিচালকের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে। ঠিক কীভাবে তার মৃত্যু হল বা কীভাবে তিনি পড়ে গেলেন তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছেন। ঘটনাস্থলে পৌঁছে গেছেন কলকাতা গোয়েন্দা পুলিশের আধিকারিকরা। যেখানে তার দেহ পড়েছিল ইতিমধ্যেই সেই জায়গা ঘিরে দিয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে আরও জানা গেছে, পরিচালকের বাড়ি থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। যাতে লেখা রয়েছে- ‘এই ঘটনার জন্য কেউ দায়ী নয়’। পুলিশ ইতিমধ্যেই ওই সুইসাইড নোটের সূত্র ধরে তদন্ত শুরু করেছে। ওই হাতের লেখা আদৌ পরিচালকের কিনা, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এদিকে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই নাকি অসুস্থ ছিলেন অনীক দত্ত। ফুসফুস ও স্নায়ুর সমস্যাতেও ভুগছিলেন। এর আগে বাড়ির মধ্যে বার কয়েক পড়েও গিয়েছেন! শোনা যাচ্ছে, অবসাদও নাকি ঘিরে ধরেছিল তাকে।
২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবি করে শিরোনামে আসনে পরিচালক অনীক দত্ত। তার আগে দীর্ঘদিন তিনি বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর একে একে আশ্চর্য প্রদীপ, মেঘনাদবধ রহস্য, ভবিষ্যতের ভূত, বরুণবাবুর বন্ধু, অপরাজিত প্রভৃতি ছবি তৈরি করে সাড়া জাগান সুস্থ চিন্তাভাবনার মানুষ হিসেবে পরিচিত অনীক দত্ত।