ঢাকাই শোবিজের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের অভিনয়ে মুগ্ধ হয়ে মধ্যরাতে তাকে জড়িয়ে ধরার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী শারমিন জোহা শশী। নিজের এই সুপ্ত ও আবেগঘন ইচ্ছার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। মূলত একটি সিনেমার চমৎকার পারফরম্যান্স দেখার পর আবেগে আপ্লুত হয়েই এই অভিনেত্রী এমন মন্তব্য করেছেন।
গতকাল দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন শারমিন জোহা শশী। সেখানে অভিনেতা মোশাররফ করিমকে সরাসরি মেনশন করে তিনি লেখেন, ‘উফফ মোশাররফ করিম ভাই, তোমাকে এই মধ্যরাতের বেলা দেখা করে একবার জড়ায় ধরতে মন চাইতেসে আমার, কিন্তু আমি পারলাম না।’ অভিনেত্রীর এই আবেগভরা স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় আলোচনা ও গুঞ্জনের জন্ম দিয়েছে।
শুধু মোশাররফ করিমই নন, একই পোস্টে অভিনেতা শ্যামল মাওলার অভিনয়ের প্রতিও নিজের গভীর মুগ্ধতা প্রকাশ করেছেন শশী। মোশাররফ করিমের সঙ্গে দেখা করার অপেক্ষার কথা জানানোর পাশাপাশি শ্যামল মাওলাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘তোমার সাথে দেখা হওয়ার অপেক্ষায়। আর শ্যামল মওলা আপনি। আপনার হাত দুটো না বেঁধে একটা টাইট হাগ।’ মূলত সদ্য মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় এই দুই শক্তিমান অভিনেতার অনবদ্য অভিনয় দেখেই নিজের আবেগ ধরে রাখতে পারেননি শশী। পোস্টের শেষে তিনি লেখেন, ‘‘আরও অনেক কিছু বলার ছিল ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে। কিন্তু আমি একটু ইমোশনাল হয়ে আছি। পরের জন্য তোলা রইল।’’
অভিনেত্রী শশীর এমন ভালোবাসাময় পোস্টের নিচে ‘বনলতা এক্সপ্রেস’ টিমের পক্ষ থেকে অভিনেতা শ্যামল মাওলা মন্তব্য করে নিজের কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন। তবে এই বিষয়ে মোশাররফ করিমের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া দেখা যায়নি। সেই সঙ্গে শশী তার পোস্টে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার পুরো টিমকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, গেল রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বহুল আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও দারুণ ব্যবসা করে ইতিমধ্যে ২০ কোটি টাকার বেশি আয় করেছে ছবিটি। সম্প্রতি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর যারা প্রেক্ষাগৃহে যেতে পারেননি, তারা এটি দেখার সুযোগ পাচ্ছেন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। এই তারকা বহুল ছবিতে মোশাররফ করিম ও শ্যামল মাওলা ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার ও আরেফিন জিলানী।