Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মুক্তির ২ দিনেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে কোক স্টুডিও বাংলার ‘রুম ঝুম’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৬ মে ২০২৬ ১৫:৫৩

কোকা-কোলা বাংলাদেশের হাত ধরে শুরু হলো জনপ্রিয় সংগীত আয়োজন কোক স্টুডিও বাংলার বহুল প্রতীক্ষিত চতুর্থ সিজন। গত শনিবার (২৩ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক স্মারক হিসেবে ‘রুম ঝুম’ গানটির মাধ্যমে এবারের নতুন মৌসুমের পর্দা উন্মোচিত হয়। মুক্তির মাত্র দুই দিন পার হতেই গানটি গানপ্রেমীদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ঝড়ের গতিতে ভিউ বাড়ছে। ইতিমধ্যেই গানটি প্রায় ১৫ লাখ ভিউয়ের মাইলফলক স্পর্শ করতে চলেছে, যা এর আকাশচুম্বী জনপ্রিয়তারই প্রমাণ দেয়।

রিলিজের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন নিউজগুলোতে গানটি নিয়ে চলছে জোর আলোচনা। শ্রোতারা যেভাবে গানটিকে লুফে নিয়েছেন, তাতে স্পষ্ট যে চতুর্থ সিজনের শুরুটা বেশ সফলভাবেই হলো। ‘রুম ঝুম’ গানটির মূল সুর নেওয়া হয়েছে শত বছরের পুরনো অটোমান-তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’ থেকে। এক সময় বসফরাসের উপকূল থেকে আসা এই সুরটিকেই আমাদের জাতীয় কবি নিজের মতো করে গ্রহণ করে বাংলা বর্ষার এক কালজয়ী কবিতায় রূপান্তর করেছিলেন। প্রজন্মের পর প্রজন্ম বাঙালিরা এই গানটি শুনে এবং গেয়ে আসলেও, এর পেছনে থাকা দুই দেশের দীর্ঘ সংগীত ভ্রমণের কথা অনেকেরই অজানা ছিল। কোক স্টুডিও বাংলা এবার সেই ঐতিহাসিক সংগীত ঐতিহ্যকে পুনরায় এক সুতোয় গেঁথে দারুণ এক মেলবন্ধন তৈরি করেছে।

বিজ্ঞাপন

অনবদ্য এই ফিউশন গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই শিল্পী মাহতিম শাকিব ও নুসরাত জাহান। তাদের সঙ্গে অসাধারণ সহযোগিতা করেছেন তুর্কি শিল্পী আলিফ হান্দে সেভগেল এবং মোস্তফা ইপেক। এই বড় কোলাবোরেশনের মাধ্যমেই কোক স্টুডিও বাংলার রাজকীয় মঞ্চে মাহতিমের অভিষেক হলো এবং নুসরাতও নিজের সুপ্ত প্রতিভা তুলে ধরার চমৎকার সুযোগ পেলেন। গানটির আধুনিক ও চমৎকার সংগীত প্রযোজনা করেছেন শুভেন্দু দাস শুভ, যিনি দীর্ঘ সময় ধরে এই তরুণ শিল্পীদের মেন্টর হিসেবে কাজ করছেন।

নতুন সিজনে দারুণ সাড়া ফেলা এই অভিষেক প্রসঙ্গে মাহতিম শাকিব বলেন, ‘রুম ঝুম’-এর মতো সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করা একটি গানের অংশ হতে পারা আমার জন্য সত্যিই বিশেষ অনুভূতি। কালজয়ী সংগীতকে এর মূল শেকড় ও ঐতিহ্যের প্রতি সম্মান বজায় রেখে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার এই প্ল্যাটফর্মটি সত্যিই অসাধারণ। অন্যদিকে নুসরাত জাহান নিজের আবেগ প্রকাশ করে বলেন, গানটি আমার কাছে অত্যন্ত ব্যক্তিগত এবং ভীষণ অর্থবহ। শুভেন্দু ভাইয়ের মেন্টরশিপে কোক স্টুডিও বাংলার মাধ্যমে আমার এই সংগীত যাত্রা শুরু হওয়াটা একটি স্বপ্নপূরণের মতোই আনন্দদায়ক।

উল্লেখ্য, কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনে এবার মোট আটটি গান থাকবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এর প্রতিটি গানই ভিন্ন ভিন্ন আবেগ, ধারা এবং সংগীত বৈচিত্র্যের ওপর ভিত্তি করে তৈরি হবে। প্রথম গান ‘রুম ঝুম’ যেভাবে রিলিজের পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে, তাতে করে বাকি গানগুলোর জন্য দর্শকদের অপেক্ষা ও কৌতুহল এখন আরও অনেক বেড়ে গেল।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর