Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা-ছেলের চরিত্রে বরুণ-মৌনি! নেটপাড়ায় সমালোচনার ঝড়

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ মে ২০২৬ ১৬:৫৬

বলিউড পরিচালক ডেভিড ধাওয়ানের নতুন চলচ্চিত্র ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ মুক্তির ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চিরচেনা কমেডি ঘরানার এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর ও পূজা হেগড়ে। তবে ট্রেলার প্রকাশের পর গল্পের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে অভিনেতা-অভিনেত্রীর বয়সের ব্যবধান এবং চিত্রনাট্যের একটি বিশেষ দিক।

ছবিতে ৩৯ বছর বয়সী বরুণ ধাওয়ানের ‘নকল মা’ হিসেবে দেখা গেছে ৪০ বছর বয়সী অভিনেত্রী মৌনি রায়কে। প্রায় সমবয়সী দুই অভিনয়শিল্পীর পর্দায় এমন মা-ছেলের রসায়ন নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে তুমুল কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ট্রেলারে দেখা যায়, বরুণ ধাওয়ানের চরিত্রটি তার এক বন্ধুর কাছে ‘নিরূপা রায়ের মতো’ একজন মায়ের আবদার করে। সেই অনুরোধের পরপরই পর্দায় জমকালো সাজে মৌনি রায়ের আবির্ভাব ঘটে।

বিজ্ঞাপন

এই দৃশ্যটি দেখার পর থেকেই এক্সে (সাবেক টুইটার) নেটিজেনরা সমালোচনা ও হাস্যরসের জোয়ার বইয়ে দিচ্ছেন। এক দর্শক ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, বরুণের বয়স ৩৯ এবং মৌনির বয়স ৪০, অথচ নির্মাতারা আশা করছেন দর্শকরা এই সম্পর্ক বিশ্বাস করবে। অনেকে বিষয়টিকে কেবল কমেডি হিসেবে নিতে নারাজ। তাদের মতে, এটি একই সেকেলে ছাঁচ ও জোর করে বানানো পাগলামি। কিছু ব্যবহারকারী এই দৃশ্যপটকে মানসিকভাবে নিম্নমানের ডিজিটাল কনটেন্ট বা ব্রেইন রট হিসেবেও অভিহিত করেছেন।

ছবিতে অভিনেতা জিমি শেরগিলের চরিত্রটি মৌনি রায়ের সঙ্গে পুরোনো দিনের চলচ্চিত্রের ধাঁচে রসিকতা করবেন বলেও অনেক দর্শক অনুমান করছেন। ডেভিড ধাওয়ানের কমেডি ঘরানার ছবির বৈশিষ্ট্য অনুযায়ী এই দৃশ্যগুলোকে হাস্যরস হিসেবে উপস্থাপন করা হলেও দর্শকদের একাংশ তা গ্রহণ করতে পারছেন না। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ছবির কন্টেন্ট নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এখন পুরো ছবিটি মুক্তি পাওয়ার পর দর্শকদের চূড়ান্ত প্রতিক্রিয়া কী হয়, সেটাই দেখার অপেক্ষা।

সারাবাংলা/এফএন/এএসজি