বলিউডের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সিনেমায় নিজের জাত চেনালেন সুপারস্টার সালমান খান। আরব ভিত্তিক বিগ বাজেটের অ্যাকশন থ্রিলার মুভি ‘সেভেন ডগস’-এ একটি বিশেষ ক্যামিও চরিত্রে হাজির হয়ে তিনি ভক্তদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি মিশরে অনুষ্ঠিত সিনেমাটির জমকালো প্রিমিয়ারে তার পোস্টার ঘিরে ভক্তদের বাঁধভাঙা উন্মাদনা লক্ষ্য করা গেছে।
সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় ‘ব্যাড বয়েজ’ খ্যাত পরিচালক জুটি আদিল এল আরবি ও বিলাল ফাল্লাহ। টানটান উত্তেজনার এই অ্যাকশন থ্রিলারটিতে সালমান খানের পাশাপাশি বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এবং বিশ্বখ্যাত ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সিনেমাটি তার বিশাল অ্যাকশন দৃশ্য এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী বিস্ফোরণের জন্য আগেই বিশ্বজুড়ে সিনেমা প্রেমীদের নজর কেড়েছে।
ব্যস্ততার কারণে প্রিমিয়ারে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও অনুষ্ঠানজুড়ে সালমান খানের উপস্থিতি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। অতিথিদের পোস্টারের সামনে দাঁড়িয়ে সেলফি তোলার দৃশ্য প্রমাণ করে আন্তর্জাতিক বাজারেও তার আকাশচুম্বী জনপ্রিয়তা। আগামী ২৮ মে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি নিয়ে এখন থেকেই দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করছে।