পাকিস্তানের জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের প্রকাশিত ‘রিওয়াইন্ড’ তালিকায় আবারও দেশটির সর্বাধিক স্ট্রিম হওয়া শিল্পী হিসেবে শীর্ষে অবস্থান করছেন হিপ-হপ তারকা তালহা আনজুম। এই নিয়ে টানা ৫ বছর নিজের শীর্ষ স্থান ধরে রেখে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানের এই জনপ্রিয় সংগীতশিল্পী।
সম্প্রতি স্পটিফাই পাকিস্তান তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শীর্ষ শিল্পীদের তালিকা প্রকাশ করেছে, যেখানে তালহা আনজুমকে তালিকার সর্বপ্রথমে দেখা যায়। গত পাঁচ বছরের পরিসংখ্যান পর্যালোচনা করলে স্পষ্ট হয়ে ওঠে যে, তরুণ প্রজন্মের সংগীতপ্রেমীদের কাছে তিনি কতটা জনপ্রিয় এবং কীভাবে তিনি নতুন সংগীত ধারার নেতৃত্ব দিচ্ছেন।
‘গুমান’, ‘আফসানায়’, ‘বাজ’, ‘ডাউনার্স অ্যাট ডাস্ক’ এবং ‘লাম’-এর মতো কালজয়ী গানগুলো তালহা আনজুমকে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে দিয়েছে। এ বছর মুক্তি পাওয়া তার নতুন সিঙ্গেল ‘২এএম ইন লন্ডন’-ও সংগীতপ্রেমীদের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
স্পটিফাইয়ের এই তালিকায় তালহা আনজুমের পরেই রয়েছেন একঝাঁক জনপ্রিয় শিল্পী। তালিকায় ধারাবাহিকভাবে জায়গা পেয়েছেন আতিফ আসলাম, উমাইর, হাসান রহিম, নুসরাত ফতেহ আলি খান, তালহা ইউনুস, রাহাত ফতেহ আলি খান, আবদুল হান্নান, মানু এবং আসিম আজহারের মতো তারকারা। কিংবদন্তি সংগীতশিল্পীরাও তাদের গান দিয়ে প্ল্যাটফর্মে বিপুল শ্রোতাপ্রিয়তা অক্ষুণ্ণ রেখেছেন, যা পাকিস্তানের সংগীতজগতের বৈচিত্র্যকে ফুটিয়ে তোলে।
উল্লেখ্য, পাকিস্তানের শীর্ষ সংগীতশিল্পীদের পাশাপাশি স্পটিফাই বছরের সবচেয়ে জনপ্রিয় গানের তালিকাও প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছে ‘ঝোল’, ‘পাল পাল’, ‘উইশেস’, ‘বিখরা’, ‘মান্দ’, ‘তু হ্যায় কাহাঁ’, ‘ইরাদায়’, ‘কাহানি শুনো’, ‘নাহি মিলতা’ এবং ‘পাসুরি’র মতো গানগুলো। এই জনপ্রিয় গানগুলো পাকিস্তানের সাম্প্রতিক সংগীতধারার বিবর্তন ও শ্রোতাদের পছন্দের রুচির প্রতিফলন ঘটাচ্ছে।