Friday 17 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাপ্পা ও বিনতির নতুন গানে বৈশাখী আমেজ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬ ১৮:১৪

বাংলা নববর্ষের আনন্দকে আরও রাঙিয়ে দিতে বিশেষ উপহার নিয়ে আসছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তার নতুন গান ‘কোথায় যেন’, যেখানে বাপ্পার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ দিয়েছেন প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী বিনতি। শাহান কবন্ধের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার নিজেই।

গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বেশ আশাবাদ ব্যক্ত করেছেন; তার মতে, বৈশাখের আবহকে কেন্দ্র করেই গানটি তৈরি করা হয়েছে যা সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। কেবল অডিও নয়, গানটির মিউজিক ভিডিওতেও থাকছে বিশেষ চমক।

রাজ ইসলামের পরিচালনায় এতে মডেল হিসেবে অভিনয় করেছেন ছোটপ পর্দার জনপ্রিয় জুটি পার্থ শেখ ও আইশা খান। গানের দৃশ্যধারণের জন্য বেছে নেওয়া হয়েছে পুরান ঢাকার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান, যেখানে শহরের পুরোনো আমেজ এবং স্মৃতি ও ভালোবাসার আবেগ দারুণভাবে ফুটে উঠেছে। গানটির কারিগরি দিকেও ছিল অভিজ্ঞ হাতের ছোঁয়া; বেজ গিটারে জন এস মুন্সী এবং রেকর্ডিং ও মিক্সিংয়ে ছিলেন সৈয়দ আমজাদ হোসেন বাপ্পী। বিএমজি ওয়ার্কস্টেশন স্টুডিওতে সম্পন্ন হওয়া এই পুরো প্রজেক্টটি প্রযোজনা করেছে হোয়াইট ক্লাউড পিকচার্স।

বিজ্ঞাপন

বিনতির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেতে যাচ্ছে, যা বৈশাখী উৎসবে সংগীতপ্রেমীদের জন্য এক নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। বাপ্পা মজুমদারের চিরাচরিত মায়াবী সুর আর পার্থ-আইশা জুটির রসায়ন সব মিলিয়ে গানটি এবারের নববর্ষের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে।