Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় সিনেমার ইতিহাসে রণবীরের ‘ধুরন্ধর’ রাজত্ব

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬ ১৭:৫৩

ভারতীয় চলচ্চিত্রের বক্স অফিস ইতিহাসে এক অভাবনীয় বিপ্লব ঘটিয়ে সব রেকর্ড নিজের করে নিয়েছে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি। রণবীর সিং ও সারা অর্জুন অভিনীত এই সিনেমা দুটি ‘বাহুবলী’ এবং ‘পুষ্পা’র মতো শক্তিশালী ফ্র্যাঞ্চাইজিকেও আয়ের দৌড়ে পেছনে ফেলে দিয়েছে। ফ্র্যাঞ্চাইজির দুই কিস্তি ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মিলিয়ে বিশ্বব্যাপী আয়ের পরিমাণ এখন ৩ হাজার কোটি টাকার বিশাল মাইলফলক স্পর্শ করেছে।

গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া প্রথম কিস্তিটি পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বক্স অফিসে ১,৩০৭ কোটি টাকার দাপট দেখিয়েছে। এরপর গত ১৯ মার্চ মুক্তি পাওয়া সিক্যুয়েলটি মাত্র কয়েক সপ্তাহেই ১,৭১২ কোটি টাকা আয় করে ফ্র্যাঞ্চাইজির মোট সংগ্রহকে ৩,০১৯ কোটি টাকায় নিয়ে গেছে। এতদিন ধরে বক্স অফিসের শীর্ষে থাকা এসএস রাজামৌলির ‘বাহুবলী’র মোট আয় ছিল ২,৪৩৮ কোটি টাকা এবং আল্লু অর্জুনের ‘পুষ্পা’র সংগ্রহ ছিল ২,২২১ কোটি টাকা। যশের ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজিকেও অনেক পেছনে ফেলে এখন ভারতীয় সিনেমার শীর্ষস্থানে আসীন রণবীর সিং।

বিজ্ঞাপন

‘ধুরন্ধর’-এর এই আকাশচুম্বী সাফল্যের প্রভাব এতটাই প্রবল ছিল যে, রণবীরের দাপটে ইয়াশের ‘টক্সিক’ কিংবা ‘দ্য প্যারাডাইস’-এর মতো বড় বাজেটের সিনেমাগুলো তাদের মুক্তির তারিখ পিছিয়ে দিতে বাধ্য হয়েছে। আধুনিক নির্মাণশৈলী আর টানটান উত্তেজনার এই গল্পটি এখন বিশ্বজুড়ে ভারতীয় সিনেমার সাফল্যের নতুন মানদণ্ড তৈরি করেছে। কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই বক্স অফিসে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ যেভাবে রাজত্ব করছে, তাতে এই রেকর্ড ভাঙা আগামী দিনে যেকোনো সিনেমার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। মূলত দর্শকপ্রিয়তা আর দুর্দান্ত ব্যবসায়িক কৌশলের সমন্বয়েই রণবীর সিং এই ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছেন।

সারাবাংলা/এফএন/এএসজি