Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোমান্টিক তিশা এবার দুর্ধর্ষ ‘লেডি গ্যাংস্টার’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ মার্চ ২০২৬ ১৭:৩৩

ছোটপর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা মানেই সাধারণত দর্শকদের কাছে ধরা দেয় রোমান্টিক কিংবা আবেগী কোনো চরিত্র। কিন্তু এবার সেই চেনা খোলস ভেঙে একেবারে নতুন অবতারে হাজির হতে যাচ্ছেন তিনি। আসন্ন রোজার ঈদে তিশাকে দেখা যাবে ‘গোলাপী’ নামের একটি অ্যাকশন থ্রিলার নাটকে, যেখানে তিনি অভিনয় করেছেন দুর্ধর্ষ এক ‘লেডি গ্যাংস্টার’ চরিত্রে।

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্য এবং রুবেল হাসানের পরিচালনায় এই নাটকটি মূলত আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতের গল্প বলবে। নাটকে তিশার চরিত্রের নাম ‘গোলাপী’। বস্তির জীবন থেকে শুরু করে পকেটমার এবং গ্যাংস্টারদের অভ্যন্তরীণ রাজনীতি— সবই উঠে আসবে এই বিশেষ নির্মাণে। তিশার বিপরীতে এই নাটকে অভিনয় করেছেন বর্তমান সময়ের আরেক জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

বিজ্ঞাপন

পরিচালক রুবেল হাসান জানান, ‘গোলাপী’ চরিত্রটি যেকোনো অভিনেত্রীর জন্যই বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু তানজিন তিশা সেই কঠিন চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজের সর্বোচ্চটা দিয়েছেন। অ্যাকশন থ্রিলার ঘরানার এই গল্পে যেমন রোমাঞ্চ থাকবে, তেমনি দর্শকদের জন্য থাকবে পুলিশি চমক এবং চেনা রোমান্টিক আবহ। নির্মাতা ও অভিনয়শিল্পী উভয়েই নাটকটি নিয়ে বেশ আশাবাদী।

নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানিয়েছে, ‘গোলাপী’ নাটকটি অনেকটা সিনেমার আদলে নির্মাণ করা হয়েছে। আধুনিক কারিগরি দক্ষতা ও গল্পের বুননে দর্শক একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের স্বাদ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তিশার ভক্তরা এখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় অভিনেত্রীর এই বিধ্বংসী ‘গ্যাংস্টার’ রূপ দেখার জন্য।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর