Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পথের প্যাঁচালী’ নিয়ে ফিরছেন দেবাশীষ বিশ্বাস

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২১

দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরছে জনপ্রিয় স্ট্রিট শো ‘পথের প্যাঁচালী’। নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস জানিয়েছেন, তার উপস্থাপনায় অনুষ্ঠানটি নতুন আঙ্গিকে সম্প্রচার শুরু হবে রোজার ঈদের পর একুশে টেলিভিশন এ।

শোবিজে দেবাশীষ বিশ্বাসের যাত্রা শুরু হয়েছিল উপস্থাপনার মধ্য দিয়ে। বিশেষ করে ‘পথের প্যাঁচালী’ অনুষ্ঠানটি তাকে দর্শকমহলে আলাদা পরিচিতি এনে দেয়। রাস্তায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলা, মজার প্রশ্ন, তাৎক্ষণিক প্রতিক্রিয়া সব মিলিয়ে অনুষ্ঠানটি একসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। এখনো দর্শকেরা অনুষ্ঠানটি ফিরিয়ে আনার অনুরোধ করেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

দেবাশীষ বিশ্বাস বলেন, একুশে টেলিভিশন ও ‘পথের প্যাঁচালী’ই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। গত দুই দশক ধরে দর্শকের ভালোবাসা পাওয়ার পেছনে এই অনুষ্ঠানের বড় ভূমিকা রয়েছে। তাই অনুষ্ঠানটি আবার শুরু করার ভাবনাটি তার জন্য আবেগেরও।

সম্প্রতি একুশে টেলিভিশনের পক্ষ থেকে তাকে ডাকা হলে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়। সেখানেই ‘পথের প্যাঁচালী’ নতুনভাবে ফিরিয়ে আনার বিষয়ে কথা এগোয়। ঈদের পর চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরেই নতুন সিজন শুরুর পরিকল্পনা রয়েছে।

আগের মতো পুরো অনুষ্ঠানই আউটডোরে ধারণ করা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ফরম্যাটে কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন উপস্থাপক। তার ভাষায়, তখনকার সময় আর এখনকার সময় এক নয়; দর্শকের রুচি, সামাজিক প্রেক্ষাপট, সবই বদলেছে। তাই নতুন প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখে অনুষ্ঠানটি সাজানো হবে।

দর্শকের দীর্ঘ প্রতীক্ষার পর ‘পথের প্যাঁচালী’র এই প্রত্যাবর্তন ছোট পর্দার বিনোদন অঙ্গনে নতুন উচ্ছ্বাস যোগ করবে বলেই আশা সংশ্লিষ্টদের।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর