Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা, বগুড়া ও ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ বিসিবির

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ২৩:৩৬

বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটকে আরও কয়েকটি শহরের ছড়িয়ে দিতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর খুলনা, বগুড়া ও ফতুল্লার স্টেডিয়ামগুলোতে আবার আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর পরিকল্পনা করছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান অ্যাডহক কমিটি।

গত এক দশক ধরে দেশের আন্তর্জাতিক ক্রিকেট কার্যত সীমাবদ্ধ ছিল ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকেন্দ্রিক। ফলে দেশের অন্যান্য ঐতিহ্যবাহী ভেন্যুগুলো ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গন থেকে ছিটকে পড়ে। এই পরিস্থিতি বদলাতেই নতুন উদ্যোগ নিয়েছে বিসিবি।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সর্বশেষ পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ম্যাচ। এরপর মাঝে একটি নারী ম্যাচ ছাড়া সেখানে আর আন্তর্জাতিক ক্রিকেট ফেরেনি। একইভাবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৬ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি। আর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় ২০১৪ সালে, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একটি ওয়ানডে।

বিজ্ঞাপন

শুক্রবার বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানান, এই তিনটি ভেন্যুকে আবার আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী করে তুলতে কাজ শুরু করতে যাচ্ছে বোর্ড। তিনি বলেন, ‘এই মাঠগুলো একসময় আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভেন্যু ছিল। কিন্তু দীর্ঘদিন খেলা না হওয়ায় স্বীকৃতি হারিয়েছে। এখন আমাদের অনেক মাঠের প্রয়োজন। তাই এগুলোকে আবার আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসার জন্য কাজ করব।’

বিসিবির এই পরিকল্পনার অংশ হিসেবে শুধু স্টেডিয়াম সংস্কারই নয়, বরং অবকাঠামোগত উন্নয়ন, উইকেটের মানোন্নয়ন এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হবে। আন্তর্জাতিক মান বজায় রাখতে ড্রেসিংরুম, মিডিয়া সুবিধা, দর্শক গ্যালারি ও নিরাপত্তা ব্যবস্থাও উন্নত করা হবে বলে জানা গেছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক ক্রিকেটের বিস্তার ঘটবে এবং স্থানীয় দর্শকরাও সরাসরি আন্তর্জাতিক ম্যাচ উপভোগের সুযোগ পাবেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর