Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটিতে যারা

স্পোর্টস ডেস্ক
৮ এপ্রিল ২০২৬ ০২:৪৫

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠিত হয়েছে বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি। এর মাধ্যমে আমিনুল ইসলাম নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।

১১ সদস্যের অ্যাডহক কমিটিতে তামিম ইকবাল ছাড়াও রয়েছেন সাবেক দুই ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু ও আতহার আলী খান। কমিটির অন্য সদস্যদের মধ্যে চারজন সরাসরি বিএনপি নেতাদের স্ত্রী বা পুত্র।

তারা হলেন- মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু এবং বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী ব্যারিস্টার রাশনা ইমাম।

বিজ্ঞাপন

কমিটিতে আরও আছেন বিভিন্ন সময়ে বিসিবির পরিচালনা পর্ষদে থাকা তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। এদের মধ্যে তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান, মির্জা সালমান ইস্পাহানি ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান, রফিকুল ইসলাম ইন্দিরা রোড ক্রীড়াচক্রের কর্মকর্তা ও ফাহিম সিনহা একমি ল্যাবরেটরিজের পরিচালক।

ফাহিম সিনহা সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান এবং পরে ফারুক আহমেদ ও আমিনুল ইসলামের বোর্ডেও ছিলেন।

সংবাদ সম্মেলনে আমিনুল এহসান জানান, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটির মেয়াদ তিন মাস। এই সময়ের মধ্যে তারা বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন দেবেন। তবে অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচন করতে পারবেন কি না- এমন প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর দেননি তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের অক্টোবরে বিসিবি নির্বাচনে তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। এনএসসি থেকে মনোনীত হয়ে আসেন দু’জন পরিচালক। সব ক্যাটাগরির নির্বাচনেই অনিয়ম খুঁজে পেয়েছে সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন ৫ সদস্যের কমিটি।

ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে ২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদ নীতিমালার ২১ ধারা অনুযায়ী পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে এনএসসি। ওই ধারা অনুযায়ী, এনএসসি তাদের অধীনস্থ কোনো ক্রীড়া সংস্থায় অনিয়ম খুঁজে পেলে যেকোনো ব্যবস্থা নিতে পারে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর