Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ম্যাচে ২৪ লাল কার্ড!

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১২:১৫

ফুটবল ম্যাচে শৃঙ্খলা ভাঙার ঘটনা নতুন কিছু নয়, তবে ফ্রান্সের একটি ফুটবল ম্যাচে যা ঘটেছে তা সাম্প্রতিক সময়ের নজিরবিহিন ঘটনা। এক ম্যাচেই রেফারির পকেট থেকে বের হয়েছে মোট ২৪টি লাল কার্ড—যা স্থানীয় ফুটবল ইতিহাসে নজিরবিহীন।

ঘটনাটি ঘটে ফ্রান্সের মোরবিয়া অঞ্চলের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে। মুখোমুখি হয়েছিল আভেনির দে গিয়ি ও ইন্দেপেন্দান্ত দে মোরোনে। ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ার পরই ঘটে যায় ভয়াবহ বিশৃঙ্খলা।

শেষ বাঁশি বাজানোর পরপরই সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা মুহূর্তেই রূপ নেয় গণমারামারিতে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে খেলোয়াড়, সমর্থক এমনকি একজন খেলোয়াড়ের অভিভাবকও মারামারিতে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কিল-ঘুষির পাশাপাশি লাঠিও ব্যবহার করা হয়, ফলে কয়েকজন গুরুতরভাবে আহত হন।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেষ পর্যন্ত মাঠে নামে ফরাসি আধা-সামরিক পুলিশ বাহিনী। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।

এই বিশৃঙ্খলার প্রেক্ষিতে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হন ম্যাচ রেফারি। মাঠে থাকা মোট ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকেই লাল কার্ড দেখান তিনি। এর মধ্যে আভেনির দে গিয়ির ১৩ জন ও ইন্দেপেন্দান্ত দে মোরোনের ১১ জন খেলোয়াড় পেয়েছেন লাল কার্ড।

ফ্রান্সের এই ঘটনার পর সংশ্লিষ্ট আঞ্চলিক শৃঙ্খলা কমিটি তদন্ত শুরু করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, দুই ক্লাবের বিরুদ্ধেই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এর আগে গত ৮ মার্চ ব্রাজিলের মিনেইরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২৩টি লাল কার্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল পুরো ফুটবল বিশ্বে। এবার ফরাসি ফুটবলের এই কাণ্ড সেই ঘটনাকেও ছাড়িয়ে গেল। অবশ্য এক ম্যাচে এর চেয়েও বেশি লাল কার্ড দেখানোর ঘটনা আছে। ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগে আতলেতিকো ক্লেপোল ও ভিক্টোরিয়ানো অ্যারেনাসের মধ্যকার ম্যাচে খেলোয়াড়, কোচিং স্টাফ মিলিয়ে ৩৬ জনকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর