পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আরও একজন পরিচালক। লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতি আমিনুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিসিবি সভাপতির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন ইয়াসির। গণমাধ্যমকে তিনি জানান, ব্যক্তিগত কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
কেন পদত্যাগ করেছন, এমন প্রশ্নে ইয়াসির বলেন, ‘পুরো বিষয়টি একান্তই ব্যক্তিগত। এখানে ভিন্ন কোনো কারণ নেই। যতদিন দায়িত্বে ছিলাম, চেষ্টা করেছি ঠিকঠাকভাবে কাজ করার।’
কোনো কিছুর চাপ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন কিনা, এমন প্রশ্নে ইয়াসির বলেন, ‘কিসের চাপ? চাপের কিছু নেই। আমি নিজের ইচ্ছেতেই আজ বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ভাইয়ের বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। পুরো বিষয়টাই আমার ব্যক্তিগত।’
এর আগে গত মাসের শেষ দিকে বিসিবির পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান আমজাদ হোসেন। তিনি মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তারও আগে পদত্যাগ করেন আরেক পরিচালক ইশতিয়াক সাদেক। ধারাবাহিকভাবে তিন পরিচালকের পদত্যাগে বিব্রত অবস্থায় পড়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এদিকে, গুঞ্জন শোনা যাচ্ছে আরও কয়েকজন পরিচালক পদত্যাগ করতে পারেন। আগামীকাল বোর্ড মিটিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিটিংয়ের আগে আরও পদত্যাগের ঘটনা দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।
এদিকে, দেশের ঘরোয়া ক্রিকেটে চলছে অস্থিতিশীলতা। বিসিবির গত নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বড় একটা অংশ নির্বাচন বর্জন করেছিল। পরে ঢাকার বেশিরভাগ ক্লাবগুলো এই বোর্ডের অধিনে না খেলার ঘোষণা দেয়। সেই ঘোষণা অনুযায়ী ক্লাব ক্রিকেট খেলছে না সুনামধন্য ক্লাবগুলো। যাতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগও মাঠে গড়ায়নি।