Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৯:১৬ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ২০:৪৯

আবারও সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। মালদ্বীপের মালের অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

ম্যাচে মানিকের একমাত্র গোলে নেপালের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। ২০২৪ সালে সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারও শিরোপার কাছাকাছি পৌঁছুল লাল-সবুজের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশের তরুণরা। এর ফলও পেয়ে যায় খুব দ্রুত। ম্যাচের ১০ মিনিটের মধ্যেই এগিয়ে যায় বাংলাদেশ। মোর্শেদের দারুণ চিপ থেকে বক্সে লাফিয়ে উঠে হেডে গোল করেন মানিক, যা শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করেছে।

বিজ্ঞাপন

প্রথম গোলের পরপরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগও পেয়েছিল বাংলাদেশ। আমেরিকান প্রবাসী রোনান সুলিভান দারুণ নিয়ন্ত্রণে বল নিয়ে গোলরক্ষককে কাটিয়ে জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র কিছুটা বদলে যায়। নেপাল বারবার চাপ সৃষ্টি করে বাংলাদেশের রক্ষণভাগে। তবে গোলরক্ষক মাহিনের কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ নেপালকে গোল পেতে দেয়নি। পাল্টা আক্রমণে বাংলাদেশও সুযোগ তৈরি করে। ম্যাচের শেষ দিকে একাদশে পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ। তাতে খেলার গতি বাড়েছিল বটে তবে গোল আর আদায় করা সম্ভব হয়নি।

যোগ করা সময়ের ৬ মিনিটে দুই দলই গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আজ মালে স্টেডিয়ামে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। দারুণ এক জয়ও উপহার পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর