এশিয়া কাপে স্বর্ণ জয়ের গৌরব নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের আর্চাররা। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-১)-এর কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয় বাংলাদেশ জাতীয় আর্চারি দল।
দেশে ফিরে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা পান স্বর্ণজয়ীরা। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তার পক্ষ থেকে ফুল দিয়ে দলকে বরণ করে নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। এ সময় উপস্থিত ছিলেন এশিয়া আর্চারির সভাপতি কাজী রাজীব উদ্দিন চপল-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন চপল এই সাফল্যকে ভবিষ্যতের বড় সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘২০২৮ সালে অলিম্পিকে কম্পাউন্ড খেলা রয়েছে। এজন্য বাংলাদেশেও এটি গুরুত্ব দেয়া হয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনেও ফলাফল এসেছে।’ টোকিও এবং প্যারিস দুই অলিম্পিকে সরাসরি খেলেছেন বাংলাদেশের দুই আরচ্যার রোমান সানা ও সাগর ইসলাম। তাই অলিম্পিকে আরচ্যারিতে বাংলাদেশের পদক জয়ের স্বপ্ন তৈরি হয়েছে। এ নিয়ে চপল বলেন, ‘উপযুক্ত পরিবেশ পেলে আরচ্যারি পদক আনতে পারবে। এজন্য শুধু আর্থিক নয়, সামাজিক, মানসিক সকল সহযোগিতা প্রয়োজন। ২০২৮ সালে চেষ্টা করব কঠিন হবে তবে ৩২ সালে আশা করা যায়।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ‘এশিয়া কাপের মতো বড় আসরে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই আর্চারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে।’