চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় ৯৬ লাখ টাকার ৪টি অবৈধ সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক শ্রী সমর হালদার (২৭) দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের গোপাল হালদারের ছেলে।
শনিবার (১১ এপ্রিল) রাত ১১টা ১০ মিনিটে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন গোপনে সংবাদ পেয়ে বারদী বিওপি’র পাঁচ কবর এলাকায় বিজিবি’র একটি টহল দল অবস্থান নেয়। এরপর আনুমানিক সন্ধ্যা সোয়া ৭টার দিকে একজন ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হওয়ার সময় তাকে থামার জন্য সংকেত দেয়া হয়। কিন্তু সে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় স্থানীয় দুজন ব্যক্তির উপস্থিতিতে তার শরীর তল্লাশি করার সময় সবুজ টেপ দিয়ে মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। ওই পোটলা খুলে ৪টি অবৈধ সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা সোনার বারগুলো ডিজিটাল স্কেলে মাপা হলে ৪৫২ গ্রাম ওজন পাওয়া যায়। জব্দকরা সোনার আনুমানিক তালিকা মূল্য ৯৬ হাজার ৯ হাজার ৫২০ টাকা। এছাড়াও আটক শ্রী সমর হালদারের কাছ থেকে পাওয়া একটি মোবাইল ফোন সেট এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বার ও জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের করে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান লে. কর্ণেল নাজমুল হাসান।