রাবি: চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে যুদ্ধ বিরোধী সাংস্কৃতিক আয়োজন ‘যুদ্ধ সংক্রান্তি’।
রাবি কালচারাল নেটওয়ার্কের আয়োজনে আগামী সোমবার (১৩ এপ্রিল) এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বলে সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানের আয়োজকরা বলেন, ‘দীর্ঘদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ গণচাঁদার ভিত্তিতে সাংস্কৃতিক আয়োজন হতে যাচ্ছে। ২ দিনের গণ কালেকশন শেষে আমাদের অর্থ টিমের মোট সংগ্রহ ১৫ হাজার ৫৭ টাকা টাকা। অনুষ্ঠান সফল করতে আমাদের ৩০ হাজারের এর বেশি অর্থ সংগ্রহ করতে হবে। যারা এই আয়োজন সফল করতে আমাদের সঙ্গে আছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
বক্তারা আরও বলেন, ‘এ বছরটি পৃথিবীর জন্যে মোটেও সুখকর ছিলো না। নতুন করে অন্যায় যুদ্ধ চেপেছে ইরানে। যেন মুষ্টিমেয় অথচ প্রচন্ড ক্ষমতাধর একদল দানবের হাতে বন্দি গোটা বিশ্ব। আমাদের মাতৃভূমির গল্পও ব্যতিক্রম নয়। জুলাই অভ্যুত্থানের পরেও নিশ্চিত হয়নি ভিন্ন জাতিসত্তা, ভিন্ন মত ও পথের সম-মর্যাদা। আবু সাঈদ, মীর মুগ্ধ, অনাসদের রক্তে দেশ গড়ার সম্ভাবনা লুটেপুটে খাচ্ছে প্রভাবশালীদের ঘুণপোকারা।’
শান্তির আকাঙ্ক্ষা ও মানবিকতার লড়াইয়ের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এর মাঝেই আমরা শান্তি চাই, সমব্যথী হতে চাই, প্রাণ খুলে গাইতে চাই, নিজের কথা বলতে চাই আর প্রচণ্ড মর্যাদাবোধ নিয়ে বাঁচতে চাই। আমরাও বয়ে চলি মানবিকতা আর ন্যায্যতা নিয়ে বাঁচার এক অবিরাম লড়াই। আসন্ন বছরে সেই লড়াইয়ে বিজয়ের আকাঙ্ক্ষায় আমাদের এই সাংস্কৃতিক রসদ অনুসন্ধান।’
উল্লেখ্য, অনুষ্ঠানের দিন পরিবহন চত্বরে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিতব্য আয়োজনটিতে গান, নাচ ও আবৃত্তি পরিবেশনা করবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কালচারাল সার্কেলের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্বে আছেন মাঈশা মারিয়াম, নিশাদুজ্জামান আকাশ, সামিউন হাসিম আহন, তন্ময় রায়, মো. শাহরিয়ার নাঈম মাসুম, এম. আর. মৃদুল, ফুয়াদ রাতুল এবং সাদেক রহমান।