Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এআই চ্যালেঞ্জ মোকাবিলায় নবীন সিএদের প্রস্তুত হওয়ার আহ্বান’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৭:২৫

ঢাকা: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যালেঞ্জ মোকাবিলায় নবীন চার্টার্ড অ্যাকাউট্যান্টদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ২২তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এই আহ্বান জানান।

তিনি বলেন, আমরা এখন ইন্টারনেটের যুগে বাস করছি যেখানে কমিউনিকেশন সায়েন্সের সর্বোত্তম বিকাশ ঘটেছে। আধুনিক করপোরেট ব্যবস্থা এখন প্রায় পুরোপুরি প্রযুক্তি নির্ভর। প্রযুক্তিনির্ভর এই নতুন বিশ্বে হিসাব বিজ্ঞানীদের শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং পরিবর্তিত প্রযুক্তিগত পরিবেশ, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিজিটাল ইকোসিস্টেম সম্পর্কে সর্বদা সচেতন থাকতে হবে।

বিজ্ঞাপন

তথ্য মন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞানীরা কেবল আর্থিক ব্যবস্থাপনার মধ্যেই সীমাবদ্ধ নন; বরং তারা বড়ো বা ছোটো যেকোনো প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উদ্যোক্তা কিংবা রাষ্ট্র সকলেই দিকনির্দেশনার জন্য তাদের ওপর নির্ভরশীল হয়ে উঠছে। তাই আমি বলব, আপনাদের নিজেদেরকে শুধুমাত্র হিসাবরক্ষক নয়, বরং কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে তুলতে হবে।

মন্ত্রী বলেন, বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ। এই চ্যালেঞ্জকে গ্রহণ করে নিজেদের দক্ষতা, দেশ এবং পেশাকে সমৃদ্ধ করার দায়িত্ব তাদের ওপর বর্তায়।

তথ্যমন্ত্রী নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের পেশাগত সাফল্য দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সমাবর্তনে অধ্যাপক সলিমুল্লাহ খান, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন ভুঁইয়া ও আইসিএবির প্রেসিডেন্ট এন কে এ মবিন বক্তব্য দেন।

সমাবর্তনে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত সিএ পরীক্ষায় উত্তীর্ণদের সনদ প্রদান করা হয়।

সারাবাংলা/এমএমএইচ/ইআ