Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট সীমান্তে ফের খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ১৫:৪৬

সালেহ আহমেদ জয়ধর।

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় খাসিয়াদের বন্দুকের গুলিতে সিলেটি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সীমানা পিলার থেকে প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে ভারতীয় খাসিয়াদের সুপারি বাগানে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সালেহ আহমেদ জয়ধর (৩০)। তিনি কোম্পানীগঞ্জের দয়ারবাজার সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।

শুক্রবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নিহত সালেহ আহমেদ আরও দুই সহযোগীসহ মাদকের চালান আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

এ সময় তারা ভারতের অভ্যন্তরে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে ভারতীয় খাসিয়া সম্প্রদায় তাদের ‘সুপারি চোর’ সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের সঙ্গে থাকা অপর দুই যুবক সুমন মিয়া (২৫) এবং মাসুম আহম্মদ (২০) সালেহ আহমদের মরদেহ বহন করে বাংলাদেশে নিয়ে আসেন। সঙ্গে থাকা দুই যুবক নাজিরগাঁও গ্রাম ও কারবালারটুক গ্রামের বাসিন্দা।

বিজিবি আরও জানায়, নিহত যুবকসহ তিনজন দীর্ঘদিন থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়ার (চোরাচালান) কাজের সঙ্গে জড়িত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে লাশ সুরতহাল করার জন্য।

উল্লেখ্য, গত ১ এপ্রিল একই উপজেলার সাদ্দাম হোসেন নামের এক বাংলাদেশি যুবক ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন। নিহত সাদ্দাম হোসেন, উত্তর রণীখাই ইউনিয়নের লামা উত্তমা গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা কুটু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর