ঢাকা: কালোবাজারি ও কৃত্রিম সংকট রোধে অভিযান চালিয়ে ভোজ্যতেল মজুদ করায় মেসার্স আল মাসুদ জেনারেল স্টোরকে ১ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে র্যাব-৪ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে, বাজার মনিটরিং, ভোজ্য তেলের মজুদদারি ও কৃত্রিম সংকট রোধে ৯ এপ্রিল বিকালে মানিকগঞ্জ জেলার সদর থানা এলাকায় র্যাব-৪ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় মেসার্স আল মাসুদ জেনারেল স্টোরে ভোজ্যতেলসহ খাদ্যসামগ্রী অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের দায়ে ও মজুদ করার পর্যাপ্ত কাগজপত্র প্রদর্শন করতে না পারায় ১ লাখ টাকা জরিমান করা হয়।
এছাড়া সিদ্দিকিয়ার ট্রেডিং কর্পোরেশন নামক প্রতিষ্টানকে আইনসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশে পণ্য সামগ্রী সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
ভোজ্য তেলের মজুদদারি কালোবাজারি ও কৃত্রিম সংকট রোধে র্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।