ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় দালাল বিরোধী অভিযান চালিয়ে দালাল চক্রের ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাব-২ এর ভ্রাম্যমান আদালত।
বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে ১ ঘণ্টার অভিযানে ছয় দালালকে আটক করা হয়। পরে তাদের ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বলেন, সম্প্রতি সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেওয়া প্রার্থীদের পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি টাকার বিনিময়ে ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য প্রলুব্ধ করে। পাসপোর্ট প্রার্থীরা তাদের প্রতারণায় রাজি না হওয়া পর্যন্ত নানাভাবে বিরক্ত করতে থাকে।
তিনি বলেন, অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এসব ব্যাপারে কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি গণউপদ্রব চালাতে থাকে। বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ড ছাড়াও মাইকিং করে দালালদের উপদ্রব সৃষ্টিকারীদের সতর্ক করা হয়। এসব সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণের পরেও দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় আজ অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শাহ মো. যুবায়ের এর পরিচালনায় আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাসপোর্ট দালাল চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়। আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের দালাল বিরোধী অভিযান অব্যাহত রাখবে।