Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই সংসদীয় আসনে ৭ হাজার ৩০৮ পোস্টালে ভোট পড়েছে মাত্র ২৮টি

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৪:৫৩ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১৫:৩৪

পোস্টাল ভোট – ছবি : কোলাজ ও প্রতীকী

ঢাকা: ‎বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ সাধারণ নির্বাচনে পোস্টাল ব্যালটে ২৮টি ভোট পরেছে। এর মধ্যে বগুড়া-৬ আসনে রিটার্নিং কর্মকর্তা পেয়েছেন ৩টি ব্যালট এবং শেরপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা পেয়েছেন একটি ব্যালট।

‎বুধবার ৮ এপ্রিল সকাল দশটা পযন্ত এই দুই আসনে এ সংখ্যক ব্যালট জমা পড়েছে বলে জানান ইসির ‘আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ প্রকল্পের টিম লিড ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান।

‎এই দুই আসনের নির্বাচন হবে আগামীকাল বৃহস্পতিবার (এপ্রিল ৯) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা। বিকেল সাড়ে চারটা পযন্ত পোস্টাল ব্যালটে ভোট দেয়া যাবে।

বিজ্ঞাপন

‎এ বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, এই দুই আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ৭৩০৯ ভোটার। বগুড়া-৬ আসনে ১ হাজার ২৮১ জন প্রবাসীকে ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ভোট দিয়েছেন ২৩ জন। আর রিটার্নিং কর্মকর্তা পেয়েছেন তিনটি ব্যালট। এই আসনেই দেশের ভেতরে ভোট দিতে নিবন্ধন করা ২ হাজার ৪৫৫ জনকে ব্যালট পাঠানো হয়েছে। ভোট দিয়েছেন ৮৪৪ জন এবং রিটার্নিং কর্মকর্তা পেয়েছেন ৬১৬টি ব্যালট।

‎এদিকে, শেরপুর-৩ আসনে ৩৮৩ জন প্রবাসীকে ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ভোট দিয়েছেন পাঁচজন এবং রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট জমা পড়েছে একটি।

‎এই আসনে দেশের ভেতরে ভোট দিতে ৩ হাজার ১৯০ জনকে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ভোট দিয়েছেন ১৪৯৫ জন এবং রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট এসেছে ১২৪৫টি।

‎বগুড়া-৬ আসনের উপ নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের পোস্টাল ব্যালটে ভোট নেওয়া শুরু হয়েছে গত ৩০ মার্চ থেকে।

‎উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট চালু করে ইসি।

‎গত ১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনে সংসদ নির্বাচন হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনের ভোটে জয়ী হন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে ইসি আসনটি শূন্য ঘোষণা করে পুনরায় তফসিল ঘোষণা করে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আট দিন আগে শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন কমিশন (ইসি) এই আসনের নির্বাচন স্থগিত করে।

‎বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন-, জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার।

‎শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।