Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলের বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৯:২৩ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ২০:০৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: স্কুল শিক্ষার্থীদের নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) আগারগাঁওয়ে রাজস্ব ভবনে পরিবহন খাতের সাতটি সংগঠনের সঙ্গে অনুষ্ঠিত প্রাক্‌–বাজেট আলোচনায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, এবার গণপরিবহনে সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে। আমরা চাই, রাস্তায় নতুন গাড়ি আসুক।

সভায় গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) জানায়, সাম্প্রতিক সময়ে গাড়ির নিবন্ধন কমে যাচ্ছে। এ প্রেক্ষাপটে তারা সম্পূরক শুল্ক কমানোর দাবি তোলে।

বিজ্ঞাপন

অন্যদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার ডিস্ট্রিবিউটর অ্যান্ড এজেন্ট অ্যাসোসিয়েশন তেল পরিবহনের ট্যাংকলরি আমদানিতে শুল্ক প্রত্যাহারের আবেদন জানায়।
বিষয়টি জনস্বার্থে বিবেচনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।

এ ছাড়া বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন মোটরসাইকেলে সিএনজি ব্যবহারের অনুমতি চাইলেও, গ্যাস সংকটের কারণে সে প্রস্তাবে ইতিবাচক সাড়া দেননি আবদুর রহমান খান। তিনি বলেন, দেশে গ্যাসের ঘাটতি রয়েছে এবং এলএনজি আমদানি করতে হচ্ছে, তাই নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝোঁকার পরামর্শ দেন।

সভায় এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেট ফুয়েলের ওপর কর কমানোর দাবি জানায়। তারা জানায়, করের হার ১৮ টাকা থেকে বেড়ে ৪২ টাকায় পৌঁছেছে।

তবে এনবিআর চেয়ারম্যান জানান, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চার লাখ কোটি টাকা থেকে বাড়িয়ে ছয় লাখ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। ফলে কর কমানোর সুযোগ সীমিত।