Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৯টি বিল সংসদে পাস

স্টাফ করেসপন্ডেট
৭ এপ্রিল ২০২৬ ১৫:৪০ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১৬:৫৪

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা আরও ৯টি অধ্যাদেশ জাতীয় সংসদে বিল আকারে পাস হয়ে আইনে রূপ পেয়েছে। এসব বিলের ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে আলোচনা ছাড়াই কণ্ঠভোটে সেগুলো অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে অনুষ্ঠিত অধিবেশনে বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী বিলগুলো হুবহু পাস করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিল উত্থাপন করলে তা সরাসরি ভোটে গৃহীত হয়।

এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-সংক্রান্ত বিলটি উপস্থাপন করতে গিয়ে আইনমন্ত্রী বলেন, নতুন আইনে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় ‘গুম’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, গুমের বিচার নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

বিলটি পাসের পর পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন। তিনি আইনমন্ত্রীর বক্তব্যকে অপ্রাসঙ্গিক উল্লেখ করে বলেন, নির্ধারিত সময় এলে এ বিষয়ে আলোচনা হওয়া উচিত।

জবাবে আইনমন্ত্রী বলেন, বাইরে বিভিন্ন মহল সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছে বলেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, বাইরের মন্তব্য নয়, সংসদের ভেতরের আলোচনাতেই বক্তব্য সীমাবদ্ধ রাখা উচিত। পরে তিনি অন্যান্য বিল পাসের কার্যক্রম শুরু করেন।

এদিন ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল’ পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি উত্থাপন করলে সেটিও কণ্ঠভোটে পাস হয়।

এছাড়া আইনমন্ত্রী কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সংশোধন), সিভিল কোর্টস (সংশোধন), ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (সংশোধন) এবং রেজিস্ট্রেশন (সংশোধন) বিল উত্থাপন করলে সেগুলোও পৃথকভাবে পাস হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত কয়েকটি বিলও এদিন অনুমোদন দেওয়া হয়। মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে এসব বিল পাস করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তিনটি বিল উত্থাপন করেন। এগুলো হচ্ছে- ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) এবং শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল।

পরবর্তীতে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল’ও কণ্ঠভোটে পাস হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর