ঢাকা: ঢাকার আশুলিয়ায় দুর্বৃত্তের গুলিতে দুই জন আহত হয়েছেন। তাদের কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আহতরা হলেন, আলামিন (৩০) ও পারভেজ (২২)। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে আশুলিয়ার জামগড়ায় এ ঘটনা ঘটে।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা আলআমিন নামে আরেক যুবক জানান, আলামিন (৩০) ঠিকাদার। আর পারভেজ দোকান কর্মচারী। দুজনই জামগড়া এলাকাতেই থাকেন। পাওনা টাকা তুলে ভোরে ওই দুজন মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। তখন জামগড়া ঈদগা মাঠের সামনে আলাদা দুটি মোটরসাইকেলে আসা ৪ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাদের দুজনকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আলামিনের পেটের বাম পাশে আর পারভেজের বাম হাতের কনুইয়ের নিচ গুলিবিদ্ধ হয়েছে। দুজনই জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।