Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ বছর মেয়াদি ট্রেজারি বন্ড পুনঃইস্যু: মঙ্গলবার নিলাম, লক্ষ্য ৫০০ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৯:৫০ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ২০:৩৭

ঢাকা: তিন বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড পুনঃইস্যুর লক্ষ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) নিলাম আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। এ নিলামের মাধ্যমে সরকার ৫০০ কোটি টাকার বন্ড বিক্রি করবে।

সোমবার( ৬ এ‌প্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি মূলত ৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ডের পুনঃইস্যু, যার অবশিষ্ট মেয়াদ ২.৭৫ বছর। বন্ডটির ইস্যু তারিখ ৭ জানুয়ারি ২০২৬ এবং মেয়াদ শেষ হবে ৭ জানুয়ারি ২০২৯।

বন্ডটির কুপন হার নির্ধারণ করা হয়েছে ১০.৬৭ শতাংশ (BCR+47 বেসিস পয়েন্ট)। নিলামটি প্রাইস-ভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নিলামে শুধুমাত্র প্রাইমারি ডিলার (পিডি) ব্যাংকগুলো সরাসরি অংশগ্রহণ করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি তাদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের পক্ষে পিডিদের মাধ্যমে বিড জমা দিতে পারবে।

বিজ্ঞাপন

নির্দেশনা অনুযায়ী, ৭ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে কাঙ্ক্ষিত মূল্য ও পরিমাণ উল্লেখ করে ইলেকট্রনিক পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক-এ স্থাপিত এফএমআই সিস্টেমের মাধ্যমে বিড দাখিল করতে হবে।

তবে বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি সাপেক্ষে সিল করা খামে (ম্যানুয়াল পদ্ধতিতে) বিড জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

প্রাইমারি ডিলারসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা পত্রের মাধ্যমে জানানো হয়েছে।