Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টার্নওভার ট্যাক্স কমানোর প্রস্তাব অ্যামচেম’র, বাড়াতে চায় এনবিআর

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৭:৪৭ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১৯:২৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: লাভ-লোকসান নির্বিশেষে বার্ষিক লেনদেনের ওপর আরোপিত ন্যূনতম কর ১ শতাংশ থেকে কমানোর প্রস্তাব করেছে ‘বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স’ (অ্যামচেম)।
তবে এ প্রস্তাবের বিপরীতে কর কমানোর বদলে বাড়ানোর চিন্তা করছে সরকার।
জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)-এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, ন্যূনতম কর কমানোর পরিবর্তে তা বাড়িয়ে আড়াই শতাংশ পর্যন্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।
রোববার (৫ এ‌প্রিল)রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে ৬টি চেম্বারের সঙ্গে প্রাক্‌–বাজেট আলোচনায় তিনি এ কথা জানান।
অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, দেশের অর্থনীতির তুলনায় রাজস্ব আয় প্রত্যাশিত হারে বাড়ছে না। তিনি দাবি করেন, ৩০–৪০ শতাংশ মূসক (ভ্যাট) সরকারি কোষাগারে আসছে না। এজন্য ভ্যাটের আওতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
এছাড়া অ্যামচেম মিষ্টি কোমলপানীয়ের ওপর সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দেয়। তবে স্বাস্থ্যঝুঁকির কথা উল্লেখ করে এই প্রস্তাব নাকচ করেন এনবিআর চেয়ারম্যান।
আলোচনায় অ্যামচেম ছাড়াও অংশ নেয়—ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি,বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ,ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ,বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি,ওমেন এন্টাপ্রেনিউরস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন।
ওমেন এন্টাপ্রেনিউরস নেটওয়ার্ক করপোরেট কর ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে।
জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, রফতানিমুখী পোশাক খাতে বর্তমানে ১০–১২ শতাংশ কর হার থাকলেও তা দীর্ঘদিন বজায় থাকবে না।
অন্যান্য চেম্বারের প্রস্তাব
চায়না চেম্বার: সুতার ওপর কেজিপ্রতি ৫ টাকা মূসক প্রত্যাহার
ওমেন চেম্বার: সেবা খাতে নারীদের জন্য ভ্যাট ১৫% থেকে কমিয়ে ৪%
নারী উদ্যোক্তা সংগঠন: মাসিক ভ্যাট রিটার্নের পরিবর্তে বার্ষিক রিটার্ন চালু

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএ/এসআর