কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে নিখোঁজের পর মুক্তিপণ দাবির ঘটনায় কথিত অপহৃত এক কিশোরকে তার সহযোগীসহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটি ‘অপহরণ নাটক’ বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার ধলিরছড়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোর মো. ইব্রাহিম (১৫) রাজশাহীর বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের গ্রাহানপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম চয়ন। এ ঘটনায় আটক অপরজন ঈদগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভুতিয়াপাড়া এলাকার অটোরিকশা (টমটম) চালক মো. ফয়সাল (১৮)।
অভিযান পরিচালনাকারী ঈদগাঁও থানার কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন বলেন, ইব্রাহিমের ফুফাতো ভাইয়ের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে সাদা পোশাকে সম্ভাব্য স্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে ধলিরছড়া পাহাড়ি এলাকা থেকে ইব্রাহিম ও তার সহযোগীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার পরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করেন, তিনি ঈদগাঁওয়ে তাঁর আত্মীয় কালাম সরদারের অধীনে থেকে বিভিন্ন এলাকায় পাটি বিক্রি করতেন। ঘটনার দিন পাটি বিক্রি করে পাওয়া টাকা দিয়ে তিনি ভুতিয়াপাড়া এলাকার এক টমটমচালকের সঙ্গে গাঁজা সেবন করেন। পরে মালিককে টাকার হিসাব দিতে না পারার ভয়ে ওই টমটমচালকের সঙ্গে যোগসাজশে অপহরণের নাটক সাজান।
পরিকল্পনা অনুযায়ী, ধলিরছড়া পাহাড়ে লুকিয়ে থেকে মোবাইল ফোনে তার মালিকের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা ওই টমটমচালকের কাছে পৌঁছে দিতে বলা হয়। তাহলেই তাকে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়।
আরও পড়ুন- ঈদগাঁওয়ে কিশোর অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি
তবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ প্রথমে টমটমচালক ফয়সালকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিমকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনার আরও তদন্তের স্বার্থে উদ্ধার হওয়া দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সদর সার্কেল কার্যালয়ে নেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার (৪ এপ্রিল) পাটি বিক্রি করতে গিয়ে বাসায় না ফেরায় ইব্রাহিমের খোঁজ না পেয়ে তার মালিক কালাম সরদার ঈদগাঁও থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে সন্ধ্যার দিকে ইব্রাহিমের ব্যবহৃত মোবাইল ফোন থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে কল করা হয়। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
সম্প্রতি ঈদগাঁও উপজেলায় ডাকাতি, ছিনতাই ও অপহরণের একাধিক ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে এ ধরনের ‘অপহরণ নাটক’ নতুন করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।