ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, শিল্পকলা একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম যা ভারত-বাংলাদেশের জনগণকে একত্রিত করে।
শুক্রবার ( ৩ এপ্রিল) ঢাকার গ্যালারি কায়ায় ‘ক্রসরোড… নট এ প্রজেক্ট’ শীর্ষক একটি দলগত চিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে প্রণয় ভার্মা এ কথা বলেন।
শনিবার (৪ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ভারতীয় হাইকমিশনার বলেন, শিল্পকলা এমন একটি মাধ্যম যা দুই দেশের মানুষের সংযোগকে মূর্ত করে তোলে। আমাদের ইতিহাস, ভূগোল, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য এক হওয়ার পাশাপাশি, শিল্পকলা সবসময়ই আমাদের মধ্যে একটি মৌলিক সংযোগকারী হিসেবে কাজ করেছে।
তিনি আরও বলেন, শিল্প ও শিল্পীদের আদান-প্রদান দুই দেশের সংস্কৃতি ও সম্পর্কের এক অত্যন্ত গভীর অংশ। তাঁরা একে অপরকে অনুপ্রাণিত ও প্রভাবিত করেছেন এবং শ্রেষ্ঠ শিল্পকর্ম সৃষ্টিতে একে অপরের সঙ্গে সহযোগিতা করেছেন।
প্রণয় ভার্মা বলেন, শিল্পকলার ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে আরও বেশি আদান-প্রদানের প্রত্যাশা করি। আমরা আমাদের সাধ্যমতো এটিকে সহজতর করতে, সক্ষম করতে ও উৎসাহিত করতে পারলে অত্যন্ত আনন্দিত হব।
উল্লেখ্য, শুক্রবারে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর স্কলারসহ ১১ জন সমসাময়িক বাংলাদেশী শিল্পীর শিল্পকর্ম নিয়ে আয়োজিত এই প্রদর্শনীতে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি থেকে শুরু করে দৈনন্দিন জীবন ও প্রকৃতির মর্মস্পর্শী চিত্রায়ন পর্যন্ত বিভিন্ন বিষয়বস্তু স্থান পায়।