Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুনের মধ্যে চালু হচ্ছে ইসলামি ইন্টারব্যাংক মানি মার্কেট

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ১৭:১২ | আপডেট: ৪ এপ্রিল ২০২৬ ১৭:১৪

সম্মিলিত ইসলামি ব্যাংক (বামে) ও বাংলাদেশ ব্যাংক (ডানে)।

ঢাকা: শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা সহজ করতে দেশে ‘ইসলামি ইন্টারব্যাংক মানি মার্কেট’ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি বছরের জুনের মধ্যেই এ বাজার চালু হতে পারে।

বর্তমানে ইসলামি ব্যাংকগুলো স্বল্পমেয়াদি তারল্য সংকটে পড়লে প্রচলিত ব্যাংকের মতো কল মানির মাধ্যমে সহজে অর্থ ধার করতে পারে না। ফলে তাদের প্রায়ই স্বল্পমেয়াদি অর্থসংকটে পড়তে হয়। নতুন এই বাজার চালু হলে ব্যাংকগুলোর মধ্যে স্বল্পমেয়াদি তহবিল লেনদেন সহজ হবে এবং বিকল্প অর্থায়নের সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ১, ৭, ১৪, ২৮, ৯০ ও ১৮০ দিন মেয়াদি লেনদেনের সুবিধা থাকবে। একইসঙ্গে জামানতসহ ও জামানতবিহীন—উভয় ধরনের লেনদেনের সুযোগ রাখা হবে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এ উদ্যোগ বাস্তবায়নে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বাহরাইনের ইসলামি ইন্টারব্যাংক মানি মার্কেটের অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়েছে। এর ভিত্তিতে আন্তর্জাতিক মানের একটি কার্যকর কাঠামো গড়ে তোলার চেষ্টা চলছে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এতদিন ইসলামি ব্যাংকগুলোর মধ্যে ফান্ড ট্রান্সফারের কার্যকর কোনো ইন্টারব্যাংক ব্যবস্থা ছিল না। নতুন এই প্ল্যাটফর্ম চালু হলে যেসব ব্যাংকের উদ্বৃত্ত তহবিল রয়েছে, তারা সহজেই অন্য ব্যাংককে সহায়তা দিতে পারবে—যা সামগ্রিক তারল্য সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তবে খাতসংশ্লিষ্টদের মতে, এ ব্যবস্থা মূলত স্বল্পমেয়াদি তারল্য সংকট নিরসনে সহায়ক হবে, দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান নয়। এজন্য ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারি ও সুশাসন নিশ্চিত করাও জরুরি।

সারাবাংলা/এসএ/এআর