ঢাকা: জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব ফাইন্যান্স কোম্পানির জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে।
শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা ডিএফআইএম সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, দেশের সব ফাইন্যান্স কোম্পানির অফিস চলবে রোববার থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।
সার্কুলারে বলা হয়েছে, সরকারের ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করা যায়।
এ নির্দেশনা ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান বৈশ্বিক ও দেশীয় জ্বালানি পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগ সামগ্রিক শক্তি ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে।